সীতাকুণ্ডে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত, কাল হরতাল
চট্টগ্রামের সীতাকুণ্ডে গতকাল সোমবার রাতে গুলিবিদ্ধ হয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা শরিফুল ইসলাম ওরফে রাসেল (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। অবরোধের সমর্থনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকেটিং করার সময় পুলিশের ছোড়া গুলিতে তিনি নিহত হন বলে দাবি করেছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী।
এদিকে এ ঘটনার প্রতিবাদে কাল বুধবার উত্তর চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে চট্টগ্রাম উত্তরজেলা স্বেচ্ছাসেবক দল।
শরিফুল মুরাদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি। মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে তিনি।
প্রত্যক্ষদর্শী মো. আনোয়ার, রফিক ও সুজনের ভাষ্য, গতকাল রাত সাড়ে ১১টার দিকে পুলিশি নিরাপত্তায় শতাধিক গাড়ি চট্টগ্রামের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় ৩০-৪০ জন পিকেটার গাড়িবহরে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছোড়ে। এতে শরিফুল গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক শরিফুলকে মৃত ঘোষণা করেন।
শরিফুলের বড় ভাই রফিকুল ইসলাম দাবি করেন, বাড়বকুণ্ড এলাকায় এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন শরিফুলসহ কয়েক বন্ধু। সেখান থেকে ফেরার পথে পুলিশ তাঁদের পিকেটার মনে করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে শরিফুল মারা যান।
মুরাদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজম টুটুলের দাবি, দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাঁদের ওপর গুলি ছোড়ে। এতে শরিফুল নিহত হন।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ‘রাতে পুলিশি নিরাপত্তায় গাড়ি নেওয়ার সময় পিকেটাররা ইট-পাটকেল ছুড়লে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছোড়ে। শুনেছি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।’