গুলিবিদ্ধ ১, অপহরণ ৪ এক জলদস্যু আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আবদুল্যাহরচর এলাকায় মেঘনা নদীতে একদল জলদস্যু গত শুক্র ও শনিবার গভীর রাতে মাছ ধরার ট্রলারে গণডাকাতি করেছে। ওই সময় জলদস্যুরা জেলেদের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে মীর মনির হোসেন নামের এক জেলে গুলিবিদ্ধ হন এবং মো. মানিকসহ অপর পাঁচ জেলে আহত হন।গুলিবিদ্ধ মীর মনির ও আহত মো. মানিককে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুই দিনে জলদস্যুরা মাছ ধরার অন্তত ৩০টি নৌকায় লুটপাট চালায় এবং একটি ট্রলারসহ চার জেলেকে অপহরণ করে। এসব ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শনিবার রাতে জেলেরা মো. নাছির উদ্দিন নামের এক জলদস্যুকে আটক করে রামগতি থানায় সোপর্দ করেছেন।ক্ষতিগ্রস্ত জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার গভীর রাতে নোয়াখালীর হাতিয়া উপজেলার বয়ারচর এলাকার কবির বাহিনীর ১০-১৫ জনের একদল জলদস্যু রামগতি উপজেলার আবদুল্যাহরচরের মেঘনা নদীতে মাছ ধরার ট্রলারে ডাকাতি করে। তারা আল আমিন মাঝি, ছলেমান মাঝি ও রফিক মাঝির ট্রলারসহ ১০-১২টি মাছ ধরার ট্রলারে হামলা চালায়। ওই সময় জলদস্যুরা জেলেদের মারধর করে মাছ ও জাল লুট করে নিয়ে যায় এবং রতন মাঝির একটি ট্রলারসহ হানিফ, সুলতান, রুবেল ও রহমতউল্যাহ নামের চার জেলেকে অপহরণ করে।শনিবার গভীর রাতে একই জলদস্যুরা অপহূত চার জেলেসহ রতন মাঝির ট্রলারটি নিয়ে মেঘনা নদীর একই এলাকায় (আবদুল্যাহরচর) মাছ ধরার ট্রলারে আবার হামলা চালায় এবং অন্তত ২০টি ট্রলারের মাছ ও জাল লুট করে। ওই সময় জলদস্যুরা জেলেদের ওপর এলোপাতাড়ি ১৪-১৫টি ছররা গুলি ছোড়ে। এতে মীর মনির হোসেন গুলিবিদ্ধ হন এবং মো. মানিকসহ পাঁচ জেলে আহত হন। জানা যায়, এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলেরা শনিবার রাতে নাছির উদ্দিন নামের এক জলদস্যুকে রামগতি উপজেলা সদরের আলেকজান্ডার বাজার থেকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।