গুলিবিদ্ধসহ আহত ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধসহ ১৩ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাহারছড়ার শীলখালী গ্রামের বাসিন্দা মৃত আবু বক্করের ছেলে ও ইউপি সদস্য শামসুদ্দিনের ছোট ভাই মো. আলমের সঙ্গে একই এলাকার বাসিন্দা মৃত সোলেমানের ছেলে নুরুন্নবীর কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে লাঠিসোঁটা, লোহার রড, কিরিচ ও অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া এবং কয়েকটি গুলিবর্ষণের ঘটনা ঘটে।

এতে শীলখালী এলাকার মৃত আবদুর রশিদের ছেলে শাহাব মিয়া (৫৫), উখিয়া উপজেলার মনখালীর মো. কালুর ছেলে রফিকুল হুদা (৩৫), মকবুল আলীর ছেলে মো. উল্লাহ (৪২) গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় আরও আহত হন তাজমিন আলম (২২), আবু দাউদ (৪০), আনোয়ারা বেগম (৩০), মো. আলম (৩৫), আবু তালহা (২৫), নুরুন্নবী (৫০), আফসার উদ্দিন (৪০), হেলাল উদ্দিন (৩৭), করিম উল্লাহ (৩০), নুরুল হুদা (৩৫)।

খবর পেয়ে বাহারছড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাবুল আজাদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক শাহাব মিয়া, রফিকুল হুদা ও মো. উল্লাহর শরীরে বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তাঁদের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

বাহারছড়া ইউপির চেয়ারম্যান হাবিব উল্লাহ বলেন, তাঁরা পরস্পর নিকটাত্মীয়। দীর্ঘদিন ধরে জমি নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছিল।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহামঞ্চদ ফরহাদ বলেন, শুক্রবার সন্ধ্যার সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই দিন রাতে সাবেক ইউপি চেয়ারম্যান মনির আহমদ (৫৭) ও তাঁর ছেলে আজিজ উল্লাহকে (৩২) আটক করা হয়েছে।