গুলিবিনিময়ের পর দুই ভুয়া র্যাব সদস্য আটক
জনবহুল রাস্তায় গুলিবিনিময়ের পর গতকাল রোববার দুজন ভুয়া র্যাব সদস্যকে আটক করেছে র্যাব-১। রাজধানীর উত্তরা থেকে ধাওয়া করে গাজীপুরের টঙ্গীর চেরাগআলীতে তাঁদের আটক করা হয়।আটক হওয়া দুজন হলেন: মোয়াজ্জেম (৩৫) ও শাহজাহান ওরফে আবুল কালাম (৩৫)। র্যাব জানায়, তাঁরা বহিষ্কৃত সেনাসদস্য। তাঁদের কাছ থেকে একটি রিভলবার, দুটি গুলি, হাতকড়া, র্যাবের জ্যাকেট ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।র্যাব-১-এর কর্মকর্তা ও এই অভিযানে থাকা মেজর মোশতাক আহমেদ বলেন, বিকেল চারটার দিকে উত্তরার জসীমউদ্দীন সড়কের একটি ব্যাংক থেকে এক ব্যক্তি টাকা তুলে গাড়িতে করে যাওয়ার সময় একটি মাইক্রোবাস তাঁর পিছু নেয়। মাইক্রোবাসের গতিবিধি দেখে সেখানে থাকা র্যাবের দলটির সন্দেহ হয়। তাঁরা মাইক্রোবাস আটকানোর চেষ্টা করলে তা ঘুরে উল্টোপথে চলতে থাকে এবং একপর্যায়ে মাইক্রোবাস থেকে র্যাবকে লক্ষ্য করে গুলি করা হয়। র্যাবও গুলি করলে সন্ত্রাসীদের মাইক্রোবাসের চাকা ফুটো হয়ে যায়। ওই অবস্থায় মাইক্রোবাসটি তিন কিলোমিটার দূরে টঙ্গীর চেরাগ আলী বাজার পর্যন্ত যায়। সেখানে সন্ত্রাসীদের দুজনকে আটক করা হয়, বাকি চারজন পালিয়ে যায়। বেপরোয়া ওই মাইক্রোবাসের ধাক্কায় দুটি ব্যক্তিগত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।