গুলির আওয়াজে হাতি উল্টো তেড়ে আসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ও শিলক ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় বন্য হাতির তাণ্ডব চলছে। ৭ অক্টোবর থেকে বন্য হাতির দল ইউনিয়ন দুটির বিভিন্ন গ্রামে হানা দিয়ে বসতঘর ও বিলের রোপা আমন ধান নষ্ট করছে। কোদালা চা-বাগানের চারা উৎপাদনকেন্দ্রের (নার্সারি) ক্ষতি ও রাবারবাগান ধ্বংস করে চলেছে বন্য হাতির দল। হাতি তাড়াতে বাজি ফুটিয়ে, গুলিবর্ষণ করেও কোনো সুফল পাচ্ছেন না বনকর্মীরা। হাতির ভয়ে নিরাপদ আশ্রয়ে ছুটে চলছে এলাকার মানুষ।এলাকাবাসী জানান, ৬০ থেকে ৬৫টি বন্য হাতির একটি দল ৭ অক্টোবর সন্ধ্যা থেকে শিলক ইউনিয়নের তৈলভাঙা বিলের রোপা আমন ধানের খেতে হানা দেয়। পরের দিন সকালে মশাল ও বাজি ফুটিয়ে হাতির দলকে তাড়ালে তারা কোদালা ইউনিয়নের পূর্ব কোদালা বিলে গিয়ে ধান খাওয়া শুরু করে। গতকাল মঙ্গলবার পর্যন্ত হাতিগুলো পূর্ব কোদালা বিলে অবস্থান করছিল।কোদালা চা-বাগানের ব্যবস্থাপক বেলায়েত হোসেন জানান, বন্য হাতির দল ৯ অক্টোবর দুপুরে চা-বাগানে ঢুকে চারা উৎপাদনকেন্দ্রের প্রায় ৪০ থেকে ৪৫ একর জমির চায়ের চারা পায়ের নিচে পিষ্ট করে। রাবারবাগানের প্রায় এক হাজার ৬০০ রাবারগাছ ভেঙে ফেলে এবং চা-শ্রমিকদের প্রায় ১০০ একর জমির কাঁচা ধান তছনছ করে। এ ছাড়া হাতিগুলো শিলক তৈলভাঙা বিলের প্রায় ৬০০ একর এবং পূর্ব কোদালা বিলের ৩০০ একর জমির কাঁচা আমন ধান খেয়ে ফেলেছে।চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের চিরিঙ্গা বিট কর্মকর্তা আবদুল গনি জানান, রাঙ্গুনিয়া রেঞ্জ বিটের বনকর্মীরা ১০ অক্টোবর প্রায় ৬০টিরও বেশি গুলি ছুড়ে চা-বাগান থেকে বন্য হাতির দলকে তাড়ান। গুলির আওয়াজে বন্য হাতিরা উল্টো মানুষের দিকে তেড়ে আসে। এ সময় অনেকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছোটে।