গুলিসহ কনস্টেবলের স্ত্রী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রাইফেল ও রিভলবারের ৭০টি গুলিসহ মুকুলী বেগম (৪০) নামে এক পুলিশ সদস্যের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে আলমডাঙ্গা শহরের উত্তর কলেজপাড়ার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর ছেলে ইমরান পালিয়ে গেছে। মুকুলী বেগমের স্বামী আবদুর রহমান কুষ্টিয়া জেলা পুলিশের কনস্টেবল। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬-এর চুয়াডাঙ্গা ক্যাম্পের সহকারী পরিচালক মো. রেজাউল করিম জানান, মুকুলী বেগম এবং তাঁর ছেলে দীর্ঘদিন ধরে আগ্নেয়াস্ত্র ও গুলির ব্যবসা করছেন এমন খবরের ভিত্তিতে র্যাব এবং আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল গতকাল তাঁর বাড়িতে অভিযান চালায়। এ সময় পয়েন্ট টুটু বোর রাইফেলের ২৯টি এবং রিভলবারের ৪১টি গুলি উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, মুকুলী বেগম কালিদাসপুর ইউনিয়ন ভূমি অফিসের একজন এমএলএসএস। তিনি ছেলে ইমরান ও মেয়ে রাবেয়া বসরীকে নিয়ে উত্তর কলেজপাড়ার বাড়িতে বসবাস করেন। তাঁর স্বামী থাকেন কর্মস্থলে। মুকুলী বেগম দাবি করেছেন, তাঁর ছেলে অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত নয়। সে কুষ্টিয়ার একটি স্কুলে ক্লাস নাইনে পড়ে। তাঁরা ষড়যন্ত্রের শিকার।আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, এ ব্যাপারে আলমডাঙ্গা থানার উপপরিদর্শক আকিকুল ইসলাম বাদী হয়ে মুকুলী বেগম ও তাঁর ছেলে ইমরানকে আসামি করে অস্ত্র আইনে একটি মামলা করেছেন।