গুলিসহ গ্রেপ্তার প্যানেল মেয়র জামিনে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বগুড়া পৌরসভার প্যানেল মেয়র আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে ২৫টি গুলিসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে গতকাল তিনি জামিনে মুক্তি পেয়েছেন।
আমিনুল বগুড়া পৌরসভার ২ নম্বর প্যানেল মেয়র এবং ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি ব্যাংককে যাওয়ার জন্য বিমানবন্দরে এসেছিলেন। বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) এজাজ শফী প্রথম আলোকে বলেন, প্লেনে ওঠার আগে শেষ তল্লাশির সময় স্ক্যানারে ধরা পড়ে যে তাঁর ব্রিফকেসে গুলি রয়েছে। তাঁকে গ্রেপ্তার করে গতকাল তিন দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। কিন্তু তিনি আদালতে তাঁর সপক্ষে যুক্তি উপস্থাপন করতে পারায় তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়।
বিমানবন্দর থানার পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া এসব গুলি পয়েন্ট ২২ বোরের পিস্তলের ছিল। আমিনুল তার লাইসেন্স করা পিস্তল ও গুলি ব্রিফকেসটিতে রাখতেন। ব্যাংককে যাওয়ার আগে তিনি পিস্তল ও গুলি বের করে রাখেন। কিন্তু একটি পকেটে ২৫টি গুলি রয়ে যায়। এজাজা শফী বলেন, আমিনুল তাঁর অস্ত্রের লাইসেন্স পুলিশকে দেখিয়েছেন। তিনি চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছিলেন।