গুলিসহ দুই পুলিশ সদস্য গ্রেপ্তারের ঘটনায় কমিটি
৫০০টি রাইফেলের গুলিসহ পুলিশের দুই নায়েক গ্রেপ্তারের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। ওই দুজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।কাফরুল থানা সূত্র জানায়, ২৪ অক্টোবর রাতে কাফরুল থানাধীন মিরপুর-১৩ নম্বর সেক্টরের পূর্ব বাইশটেকি ইমামনগর আমানত শাহ আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের দোতলা থেকে ৫০০টি গুলিসহ পুলিশের নায়েক জেনাল চাকমাকে (৩৭) গ্রেপ্তার করা হয়। পরে তাঁর তথ্য অনুযায়ী বনানীর গরুর হাটে কর্তব্যরত অবস্থা থেকে গ্রেপ্তার হন প্রেম চাকমা (৩৭)।কাফরুল থানা সূত্র জানায়, গুলির পেছনে বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরির (বিওএফ) চিহ্ন ছিল। সূত্র জানায়, বাংলাদেশের সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবিসহ অন্য বাহিনীগুলো বিওএফের গুলি ব্যবহার করে। সরকারি সংস্থা ছাড়া এই গুলি বাইরে বিক্রির কোনো সুযোগ নেই। পুলিশ সদস্যদের কাছ থেকে পুলিশের প্রশিক্ষণ ও ব্যবহারের গুলি সংগ্রহ করে বিক্রি করা হচ্ছিল বলে ধারণা করছেন কর্মকর্তারা।থানা সূত্র জানায়, গ্রেপ্তারের পর জেনাল নিজেকে পুলিশের নায়েক হিসেবে পরিচয় দেন। পরিচয় পেয়ে থানা-পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের খবর দেন। কর্মকর্তারা এসে জেনালকে জিজ্ঞাসাবাদ করেন। সেখানে জেনাল জানান, আরেক পুলিশ সদস্য প্রেম চাকমা তাঁকে এই গুলিগুলো সংগ্রহ করে দিয়েছেন। এ তথ্য পাওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রেম চাকমাকে বনানীর গরুর হাট থেকে কর্তব্যরত অবস্থায় গ্রেপ্তার করেন। ২৫ অক্টোবর এ দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়।থানা সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে প্রেম জানিয়েছেন মাসুদ রানা নামের এক পুলিশ কনস্টেবল এই গুলিগুলো সংগ্রহে সাহায্য করেছেন। মাসুদ রানা আগে রাজারবাগে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ময়মনসিংহ জেলায় কর্মরত রয়েছেন। প্রেম চাকমার বাড়ি খাগড়াছড়ির মহালছড়ি থানায় এবং জেনাল চাকমার বাড়ি রাঙামাটি জেলার নানিয়ারচর থানায়। তাঁরা দুজনেই ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে যোগদান করেন।ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও প্রকাশনা শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, এ বিষয়ে ২৫ অক্টোবর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার শেখ মো. মারুফ হাসানকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়েছে। অপর দুই সদস্য হলেন পুলিশের দাঙ্গা দমন বিভাগ উত্তরের (পিওএম) ডিসি সাইদুর রহমান ও ডিবি উত্তরের অতিরিক্ত ডিসি মশিউর রহমান। মশিউর রহমান বলেন, তদন্তকাজ চলছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।