গুলিস্তান ও আশপাশের ফুটপাত ফাঁকা

টানা তিন দিন হকার উচ্ছেদ অভিযানের ফলে গুলিস্তান, পল্টন, বায়তুল মোকাররম ও মতিঝিল এলাকার চিত্র অনেকটাই পাল্টে গেছে। এসব এলাকায় দিনের বেলা ফুটপাত ও সড়কে এখন আর অবৈধ দোকানপাট বসতে পারছে না। পথচারীরা স্বচ্ছন্দে চলাচল করতে পারছেন।
গতকাল মঙ্গলবার তৃতীয় দিনের মতো ওই এলাকাগুলোতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। তবে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদের প্রতিবাদে সমাবেশ করেছে হাকার সমন্বয় পরিষদ।
গতকাল বেলা ১১টার পর গুলিস্তানের জাতীয় গ্রন্থকেন্দ্র, গুলিস্তান শপিং কমপ্লেক্স, বঙ্গবন্ধু পাতাল মার্কেট, সার্জেন্ট আহাদ পুলিশ বক্স, ঢাকা ট্রেড সেন্টার, গুলিস্তান ট্রেড সেন্টার, সুন্দরবন মার্কেট ও ফুলবাড়িয়া এলাকার ফুটপাত এবং সড়কে উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় ফুটপাতে থাকা হকারদের ব্যবহৃত ২০ থেকে ২৫টি আসবাব পে-লোডার দিয়ে ভেঙে দেওয়া হয়। হকাররা বাধা দিতে চাইলে তাঁদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ৷ তবে টানা অভিযান পরিচালনা করায় গতকাল এই এলাকায় তেমন কোনো হকার ও তাঁদের দোকানপাট ছিল না। ওই এলাকাগুলোর ফুটপাতে পথচারীদের স্বচ্ছন্দে চলাচল করতে দেখা গেছে। সড়কে তেমন যানজটও ছিল না।
পথচারী তরিকুল ইসলাম বলেন, আগে এই পথে চলাচল করতে অনেক বেগ পেতে হতো৷ কয়েক দিন ধরে আর তা হয় না৷ সবাই স্বচ্ছন্দে চলাচল করতে পারছেন৷
দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত বঙ্গবন্ধু অ্যাভিনিউ, বায়তুল মোকাররম মসজিদের উত্তর ও দক্ষিণ ফটক এবং পশ্চিম পাশের সড়ক, পুরান পল্টন মোড়, জিপিও মোড় ও মুক্তাঙ্গন, দৈনিক বাংলা, মতিঝিল ও ইত্তেফাক এলাকায় অভিযান চালানো হয়। দৈনিক বাংলা ও মতিঝিলে তেমন কোনো হকার ছিল না। সব কটি ফুটপাত ছিল দখলমুক্ত৷ এই দুটি এলাকায় বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতাকর্মীদের নিজ নিজ দপ্তরের সামনের ফুটপাত পরিষ্কার করতে দেখা গেছে৷
গতকাল উচ্ছেদ অভিযানগুলো পরিচালনা করেছেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মোহাম্মদ নাজমুস শোয়েব ও মামুন সরদার। জানতে চাইলে নাজমুস শোয়েব প্রথম আলোকে বলেন, ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে। আজ বুধবারও অভিযান চালানোর প্রস্তুতি রয়েছে।
১১ জানুয়ারি নগর ভবনে হকারদের বিভিন্ন সংগঠন, জনপ্রতিনিধি ও পুলিশের সঙ্গে ডিএসসিসির মেয়র সাঈদ খোকনের বৈঠকে ১৫ জানুয়ারি থেকে দিনের বেলা গুলিস্তান ও আশপাশের এলাকায় হকার বসা নিষেধের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু হকাররা ফুটপাতে দোকান বসালে গত রোববার থেকে ডিএসসিসি উচ্ছেদ অভিযান শুরু করে।
বিক্ষোভ: পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ ও পুনর্বাসনের নীতিমালা প্রণয়নের দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে হকারদের ১৬টি সংগঠনের জোট ‘হকার সমন্বয় পরিষদ’। সমাবেশে বক্তারা বলেন, ফুটপাত দখলমুক্ত করার নামে হকারদের উচ্ছেদ কার্যক্রম অমানবিক। পুনর্বাসনের আগে হকার উচ্ছেদ করা মানবাধিকার লঙ্ঘন। একই সময়ে পুরানা পল্টন মোড়ে সমাবেশ করেছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন।
এ ছাড়া গুলিস্তানের হকারদের সঙ্গে গতকাল সন্ধ্যায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে মতবিনিময় সভা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। সভায় পুনর্বাসন ছাড়া একতরফা উচ্ছেদ অযৌক্তিক বলে মন্তব্য করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও সাংসদ শিরীন আখতার। তিনি আলোচনা সাপেক্ষে হকারদের সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন।
হকার্স ইউনিয়ন আজ বেলা ১১টায় পুরানা পল্টনের মুক্তি ভবনে সংবাদ সম্মেলন করবে।