গুলিস্তান ট্রেড সেন্টারের অবৈধ দোকান উচ্ছেদ
গুলিস্তান ট্রেড সেন্টারের নির্মাণকাজ শেষ হওয়ার আগে দখল করে নেওয়া দোকানদারদের উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। কিন্তু ঘোষণা দিয়েও এই মার্কেটের পার্কিং থেকে ৩৪১টি অবৈধ দোকান উচ্ছেদ করেনি ডিএসসিসি। অথচ এসব দোকান থেকে সংস্থাটি কোনো রাজস্বও পাচ্ছে না।
আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট খাম মোহাম্মদ নাজমুস শোয়েব ও ইলিয়াস মিয়া নেতৃত্ব দেন। তাঁরা জানান, নির্মাণকাজ শেষ হওয়ার আগেই মার্কেটটির পার্কিং থেকে তিনতলা পর্যন্ত দখল করে নেন দোকানিরা। তবে পার্কিংয়ে থাকা দোকানের বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় তা উচ্ছেদ স্থগিত করা হয়। বাকি অংশের উচ্ছেদ চলবে।
ঢাকা ট্রেড সেন্টারটি গুলিস্তান পুরান বাজার হকার্স মার্কেট ও পোড়া মার্কেট হিসেবে পরিচিত। ট্রেড সেন্টারের দোকানিদের অভিযোগ, ২০০৩ সালে এই মার্কেটের নির্মাণকাজ শুরু হয়। প্রস্তাবিত ১২ তলার এই বিপণিবিতানে ১ হাজার ৬৪৬টি দোকান তৈরির কথা ছিল। কিন্তু নানা অজুহাতে ২০০৪ সাল থেকে নির্মাণকাজ বন্ধ রেখেছে ডিএসসিসি। অথচ এই মার্কেটের দোকান বরাদ্দ বাবদ ৩৪ কোটি টাকা দিয়েছেন তাঁরা।
ডিএসসিসির সম্পত্তি বিভাগ সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে এই মার্কেটের পার্কিংয়ের দোকানপাট উচ্ছেদের নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালত। চার দিন আগে আদালতের নির্দেশনা পায় ডিএসসিসি। এরপর আজ অভিযান চালানো হয়। অভিযানের শুরুতে মার্কেটের দোকানিরা দাবি করেন, তাঁরা পার্কিংয়ে উচ্ছেদ বন্ধে আদালতে আপিল করেছেন। তাই পার্কিংয়ের দোকানপাট উচ্ছেদ করা সম্ভব হয়নি। তবে, এই মার্কেট নির্মাণ নিয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে আইনি জটিলতা রয়েছে।
ঢাকা ট্রেড সেন্টারের দোকান মালিক সমিতির সভাপতি জি এম আতিকুর রহমান বলেন, ‘প্রায় ১৪ বছর আগে দোকান বরাদ্দ বাবদ ৩৪ কোটি টাকা সালামি নিয়েছে ডিএসসিসি। কিন্তু আজ পর্যন্ত তাঁদের দোকান বরাদ্দ দেওয়া হয়নি। আমাদের পজিশন বুঝিয়ে দিলে আমরা পার্কিং ছেড়ে দেব। বর্তমানে পার্কিং থেকে উচ্ছেদ না করতে উচ্চ আদালতের নির্দেশ আছে। মার্কেটের বাকি অংশ থেকে দোকানপাট উচ্ছেদে তাঁদের কোনো আপত্তি নেই।’
তবে ডিএসসিসির ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ভারপ্রাপ্ত মেয়র ফরিদ উদ্দিন আহম্মেদ প্রথম আলোকে বলেন, দখলকারীদের ৯০ ভাগই অবৈধ। যে যেভাবে পারছেন মার্কেটটি অবৈধভাবে দখল করে রেখেছেন। কিন্তু সিটি করপোরেশন কোনো রাজস্ব পাচ্ছে না। আদালতে খোঁজখবর নেওয়া নিয়ে দখলকারীদের দাবি মিথ্যা প্রমাণিত হলে পার্কিংয়ে অভিযান চালানো হবে। তবে মার্কেটের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলার বাকি দোকানপাট উচ্ছেদে অভিযান চলবে। এ ছাড়া শিগগিরই মার্কেটের নির্মাণসংক্রান্ত জটিলতা মিটিয়ে বাকি কাজ সম্পন্ন করা হবে। প্রকৃত দোকানিদের কাছে তা বুঝিয়ে দেওয়া হবে।