গুলিস্তান দখলমুক্ত না করলে চার ওসির বিরুদ্ধে মামলা
গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত এলাকার ফুটপাত এবং রাস্তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে অবৈধ দখলমুক্ত করা না হলে চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে। এ মর্মে রমনা, বংশাল, কোতোয়ালি ও সূত্রাপুর থানায় লিগ্যাল নোটিশ পাঠিয়েছে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। সংগঠনটির পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ গত সোমবার ডাকযোগে এ নোটিশ পাঠিয়েছেন।
নোটিশে বলা হয়, হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ জনস্বার্থে করা একটি রিটের পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট একটি নির্দেশ জারি করেন। নির্দেশে জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত এলাকার ফুটপাত এবং রাস্তার ওপর দোকান, ফেরিওয়ালা, ফলের দোকান, ফুটপাত বা রাস্তার ওপর বালু, রড বা যেকোনো মালামাল রাখা, ভ্যান ও ঠেলা গাড়ি পার্কিং ইত্যাদি দখলমুক্ত করতে বলা হয়। একই সঙ্গে ৩০ দিন পরপর একটি ট্রাফিক দলকে এই নির্দেশ কতটা কার্যকর হচ্ছে, সেটির প্রতিবেদন আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন। কিন্তু হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরও এখন পর্যন্ত ফুটপাত ও রাস্তা দখলমুক্ত হয়নি।
এ বিষয়ে মনজিল মোরসেদ বলেন, গুলিস্তান ও সদরঘাট এলাকার সড়ক ও ফুটপাত অবৈধ দখলে থাকায় চলাচলে ভোগান্তি হয়, যানজট লেগে থাকে। ২০১২ সালে জনস্বার্থে করা রিটের পরিপ্রেক্ষিতে আদালত এই এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ না মানায় রিটের সংশ্লিষ্ট চার থানার ওসিদের নোটিশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে দখলমুক্ত না করলে তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে।