গুলিস্তান পল্টন মতিঝিলের ফুটপাত ফাঁকা, স্বচ্ছন্দে চলছেন পথচারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্বের চিত্র
পূর্বের চিত্র

টানা উচ্ছেদ অভিযানের ফলে গুলিস্তান, বায়তুল মোকাররম, পল্টন ও মতিঝিল এলাকার সড়ক ও ফুটপাতের চিত্র বদলে গেছে। এখন কর্মদিবসগুলোতে দিনের বেলায় এসব এলাকা হকারমুক্ত। স্বচ্ছন্দে চলাচল করতে পারছে পথচারীরা। সড়কেও তেমন যানজট নেই। তবে গুলিস্তানের হকাররা আইন মানছেন না। তাঁরা নির্দিষ্ট সময়ের ঘণ্টা খানেক আগেই পণ্যের পসরা নিয়ে বসে পড়ছেন। পথচারীরা ফুটপাত হকারমুক্ত করতে উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছে।
গতকাল রোববার ১১ দিনের মতো ওই এলাকাগুলোতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। তবে উচ্ছেদের প্রতিবাদে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে হকার সমন্বয় পরিষদ। একই দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন।
টানা উচ্ছেদ অভিযানের বিষয়ে জানতে চাইলে ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন প্রথম আলোকে বলেন, ঢাকা শহরের ফুটপাত পথচারীবান্ধব করতে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। তাই ১৫ জানুয়ারি থেকে নিয়মিত হকার উচ্ছেদে অভিযান চলছে। এভাবে নিউমার্কেটসহ শহরের অন্যান্য এলাকা থেকে হকারদের উচ্ছেদ করা হবে। তিনি বলেন, ডিএসসিসির সিদ্ধান্ত অনুযায়ী কর্মদিবসে দিনের বেলায় গুলিস্তান ও আশপাশ এলাকার ফুটপাতে হকার বসা নিষেধ৷ সন্ধ্যা সাড়ে ছয়টার পর তাঁরা বসতে পারবেন। এই সময়ের আগে কাউকে বসতে দেওয়া হবে না৷

গতকালের চিত্র
গতকালের চিত্র


গতকাল সকাল ১০টা। দুটি পে-লোডার ও একটি বুলডোজার নিয়ে গুলিস্তানের জাতীয় গ্রন্থকেন্দ্র, গুলিস্তান শপিং কমপ্লেক্স, বঙ্গবন্ধু পাতাল মার্কেট, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, সার্জেন্ট আহাদ পুলিশ বক্স, ঢাকা ট্রেড সেন্টার দক্ষিণ ও উত্তর, সুন্দরবন মার্কেট এবং ফুলবাড়িয়া এলাকার ফুটপাত ও সড়কে উচ্ছেদ অভিযান চালায় ডিএসসিসি। এ সময় ফুটপাতে থাকা ১০ থেকে ১২টি আসবাব পে-লোডার দিয়ে ভেঙে দেওয়া হয়। এসব এলাকায় তেমন হকার ছিলেন না। ফুটপাতে স্বচ্ছন্দে চলাচল করছে পথচারীরা। সড়কে নেই সেই পরিচিত যানজট৷ তবে এই এলাকাগুলোর অধিকাংশ ফুটপাত খানাখন্দে ভরা৷
ঢাকা ট্রেড সেন্টার দক্ষিণের সামনের ফুটপাত দিয়ে হেঁটে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে যাচ্ছিলেন পুরান ঢাকার নবাবপুর ও ওয়ারীর স্থানীয় বাসিন্দা যথাক্রমে শরিফুল ইসলাম ও ইকবাল হোসেন। তাঁরা বলেন, আগে এই এলাকার সড়ক ও ফুটপাত ক্রেতা-বিক্রেতাদের দখলে ছিল। পথচারীরা স্বচ্ছন্দে চলাচল করতে পারত না৷ সড়কে যানজট লেগে থাকত। এখন ফাঁকা ফুটপাতে কোনো বাধা ছাড়াই চলাচল করা যাচ্ছে৷ উচ্ছেদ অভিযানের দরকার ছিল। আবার যেন ফুটপাত হকারদের দখলে না যায়, সেই ব্যবস্থা করতে হবে।
দুপুর ১২টার দিকে বায়তুল মোকাররম মসজিদের উত্তর ও দক্ষিণ ফটক এবং পশ্চিম পাশের সড়ক, জিপিও মোড় ও মুক্তাঙ্গন, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ফটক, দৈনিক বাংলা, মতিঝিল এলাকায় অভিযান চালানো হয়। এসব এলাকায় তেমন কোনো হকার ছিলেন না। সড়ক ও ফুটপাত পরিষ্কার। কোথাও কোনো ময়লা-আবর্জনা দেখা যায়নি। তবে বায়তুল মোকাররম ও পুরানা পল্টন এলাকায় কয়েকটি স্থানে ফুটপাতে ভাঙাচোরা ইট-পাথর দেখা গেছে।