গুলিস্তান পার্ক বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলিস্তান পার্কের বেশির ভাগ বেঞ্চ ভাসমান মানুষের দখলে। সেই বেঞ্চও ভাঙাচোরা। গতকালের ছবি l প্রথম আলো
গুলিস্তান পার্কের বেশির ভাগ বেঞ্চ ভাসমান মানুষের দখলে। সেই বেঞ্চও ভাঙাচোরা। গতকালের ছবি l প্রথম আলো

রান্না, ধোয়ামোছা থেকে শুরু করে সংসারের সব কাজই চলছে। সঙ্গে আছে মাদক সেবন। স্তূপ হয়ে আছে আবর্জনা। মেয়েদের উত্ত্যক্তও করা হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গুলিস্তান পার্কটির বর্তমান অবস্থা এমনই।
গতকাল বৃহস্পতিবার দেখা গেল, পার্কের ভেতরের বেঞ্চগুলোতে লোকজন শুয়ে আছে। ছাগলের পাল ঘুরে বেড়াচ্ছে।
পার্কের গেটের ভেতরে ডান দিকে একটি চায়ের দোকান। এ ছাড়া ভ্রাম্যমাণ বিক্রেতারা পার্কে ঘুরে ঘুরে নানান জিনিস বিক্রি করছেন।
পার্কের ডান দিকে আছে কাজী বশির মিলনায়তন (মহানগর নাট্যমঞ্চ)। তার সামনের একটি পুষ্করিণী। পানিতে ভাসছে ময়লা-আবর্জনা। ছোট ছোট ছেলেরা সেখানে গোসল করছে। ওই পানিতেই ফুলবানু বেগম ধোয়ামোছার কাজ করছিলেন। নোংরা পানিতে কাজ করা নিয়ে তিনি বলেন, ‘পুইষ্কনীতে তো নামন যায় না। এহেনেই থাহি, রান্ধি-বারি।’ ফুলবানু বলেন, প্রায় ২০টি পরিবার এই পার্কে থাকে।
পার্কের মাঝে একটি পুকুর আছে। সেখানেও ময়লা পড়ে আছে। পার্কের পেছন দিকের অবস্থা বেশি খারাপ। দেয়ালঘেঁষে আবর্জনার স্তূপাকার। অস্থায়ী বসতিগুলোও এদিকে বেশি। দড়ি টানিয়ে কাপড় শুকানো হচ্ছে। বেশির ভাগ বেঞ্চ ভাসমান মানুষের দখলে। আছিয়া বেগম ১০ বছর ধরে এখানে আছেন। তিনি বলেন, ‘মাঝেমইধ্যে অনুষ্ঠান হইলে উডায়ে দেয়, আবার আহি।’ ভেতরে রান্না, খাওয়া-দাওয়া চলছে। পুরো পার্কটিতেই কাগজ, প্যাকেটসহ ময়লা ছড়িয়ে আছে।
পার্কের এক কোনায় বসে দলবেঁধে মাদক সেবন চলছিল। পার্কে ঘুরতে আসা লোকজন এই মাদকসেবীদের দ্বারা উত্ত্যক্তেরও শিকার হন। রাহেলা বেগম পাশেই একটি অফিসে কাজ করেন। তিনি মাঝে মাঝে পার্কে আসেন। বললেন, ‘মেয়ে মানুষ একলা আসলেই হিরোইনঞ্চিরা টালায়। কেউ বেশি আসেও না।’
পার্কে একটি টয়লেট আছে। তবে সাধারণ মানুষের ব্যবহার উপযোগী নয়। দুর্গন্ধ ও নোংরা। অস্থায়ীভাবে যারা বসবাস করছে, তারাই এটি ব্যবহার করে।
দুই কলেজছাত্র রুবেল হোসেন ও মনির মিয়া ঘুরতে এসেছেন। রুবেল বলেন, এ এলাকায় খোলা জায়গা তেমন নেই, কিন্তু এখানে কেউ ঘুরতে এলেও বিড়ম্বনায় পড়েন। পরিবেশ নোংরা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল বলেন, ‘পার্কটি এমন একটি জায়গায় যে নিয়ন্ত্রণ করাটা সমস্যা। সিটি করপোরেশন সব পার্কই সংস্কারের উদ্যোগ নিয়েছে, এটিও সংস্কার করা হবে।’