গুলিস্তান পার্কে হকার পুনর্বাসনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি
রাজধানীর গুলিস্তান পার্ক সংস্কার করে মানুষের জন্য উপযোগী করার দাবি জানিয়েছে দেশের বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এই পার্কে হকার পুনর্বাসনের যে সিদ্ধান্ত নিয়েছে, তা প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনগুলো।
আজ বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘হকার পুনর্বাসনের জন্য গুলিস্তান পার্ক ব্যবহারের চিন্তা পরিহার করা হোক’ শীর্ষক শিরোনামে এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম, মাদকবিরোধী সংগঠন প্রত্যাশা, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন কমিটি, ইনস্টিটিউট অব ওয়েল বিং, গ্রিন ভয়েজ ও ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্ট যৌথভাবে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে পবার চেয়ারম্যান আবু নাসের খান বলেন, এমনিতেই ঢাকা শহর পৃথিবীর অন্যতম বসবাস অনুপযোগী শহর। ঢাকার দুই মেয়র নির্বাচনের আগে এই শহরকে সবুজায়ন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এখন তাঁরা হকারদের পুনর্বাসন ও অন্যান্য উন্নয়নের নামে ঢাকার মাঠ-পার্ক দখল করে সবুজায়নকে ধ্বংস করছেন।
আবু নাসের খান বলেন, গুলিস্তানের এই পার্কে হকারদের অস্থায়ী পুনর্বাসন করা হলে পার্কের অস্তিত্ব বলে কিছুই থাকবে না। অথচ দেশের স্বাধীনতা ইতিহাসের অন্যতম অংশ জড়িয়ে আছে এই পার্ক। সিটি করপোরেশনকে এই সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে।
বাপার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিহির বিশ্বাস বলেন, মহানগরী, বিভাগীয় শহর ও জেলা শহরের পৌর এলাকাসহ দেশের সব পৌর এলাকার খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান ও জলাধার সংরক্ষণ আইন অনুযায়ী গুলিস্তান পার্কে হকারদের পুনর্বাসন করা যাবে না। এই পার্কটি পুরান ঢাকার হারিয়ে যাওয়া পার্কগুলোর মধ্যে একটি। এখানে প্রতিদিন সকাল-বিকেল পুরান ঢাকার নানা বয়সী মানুষ বেড়াতে আসে।
বাপার জাতীয় পরিষদের সদস্য ও আদি ঢাকাবাসী ফোরামের সদস্যসচিব জাভেদ জাহান বলেন, সিটি করপোরেশন হকারদের উচ্ছেদে ব্যর্থ হয়েই পার্কের ভেতর তাঁদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, ‘এই পার্কে আমরা ছোটবেলায় খেলাধুলা করেছি। পার্কের ভেতর পুকুরে বন্ধুরা দল বেঁধে গোসল করতাম। পুরান ঢাকার ইতিহাসের সঙ্গে এই পার্ক অঙ্গাঙ্গিভাবে জড়িত।’