গুলিস্তান-যাত্রাবাড়ী উড়ালসড়ক আজ উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলিস্তান-যাত্রাবাড়ী উড়ালসড়ক (ফ্লাইওভার) উদ্বোধন হচ্ছে আজ শুক্রবার। বেলা তিনটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উড়ালসড়কের যাত্রাবাড়ী-কুতুবখালী প্রান্ত থেকে এর ফলক উন্মোচন করবেন। উড়ালসড়কের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী বিকেল সাড়ে চারটায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী প্রথমেই গুলিস্তান পয়েন্ট থেকে গাড়িতে করে উড়ালসড়ক ব্যবহার করে কুতুবখালী প্রান্তে আসবেন। ফলক উন্মোচন শেষে তিনি নিজে উড়ালসড়ক ব্যবহারের টোল দেবেন।
উড়ালসড়কের নাম ‘মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার’। প্রথমবারের মতো সরকারি-বেসরকারি উদ্যোগে এটি নির্মাণে বিনিয়োগ করেছে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। এতে মোট ব্যয় হয়েছে দুই হাজার ১০৮ কোটি টাকা। ঢাকা সিটি করপোরেশনের তত্ত্বাবধানে এই উড়ালসড়ক নির্মিত হয়েছে। ২০১০ সালে এর নির্মাণকাজ শুরু হয়।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহিদ খান গতকাল প্রথম আলোকে বলেন, ‘এটি উদ্বোধনের মধ্য দিয়ে শুধু ঢাকাবাসীর না, সারা দেশের মানুষের স্বপ্ন পূরণ হলো।’
উড়ালসড়কে ওঠার সময় টোল দিতে হবে না। নামার সময় সাতটি বেরোনোর পথে টোল দিতে হবে।