গুলিস্তানে অটোরিকশায় বাসের ধাক্কা, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয় l প্রথম আলো
গতকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয় l প্রথম আলো

গুলিস্তানে যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশার চালক ও তিনজন যাত্রী আহত হয়েছেন। তাঁরা হলেন অটোরিকশার চালক মো. জাহাঙ্গীর (৪৫), সুমন আকবর (৩৫), আরিফ (২৮) ও কাওসার (৪০)।
গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে গুলিস্তানে মেয়র হানিফ উড়ালসড়কের টোল প্লাজার সামনে কুমিল্লা থেকে আসা এশিয়া লাইন নামের একটি বাসের ধাক্কায় ওই চারজন আহত হন।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, এশিয়া লাইনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। পরে একটি প্রাইভেট কারেও ধাক্কা দেয় বাসটি। এ ঘটনায় অটোরিকশায় থাকা চার যাত্রী আহত হন। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের ধাক্কায় অটোরিকশা ও প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত হয়।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, অটোরিকশার চালক জাহাঙ্গীর অন্যদের তুলনায় একটু বেশি আঘাত পেয়েছেন। তবে সবাই আশঙ্কামুক্ত। এশিয়া লাইনের বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।
গুলিস্তানে মেয়র হানিফ উড়ালসড়কের টোলপ্লাজার সামনে এ দুর্ঘটনার কারণে ওই পথে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশেও ভিড় জমে। লোকজন জমা হওয়ার কারণে কোনো যানই চলাচল করতে পারছিল না। একপর্যায়ে রাস্তাটি বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে রাস্তা থেকে দুটি গাড়িকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটির বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটে।