গুলিস্তানে উচ্ছেদে বাধা দেওয়ায় ৯ হকার ও লাইনম্যানের কারাদণ্ড
গুলিস্তান ও বায়তুল মোকাররম এলাকার সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদে বাধা দেওয়ায় নয় হকার ও লাইনম্যানকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার বেলা পৌনে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওই এলাকায় অভিযান চালিয়ে এই কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মোহাম্মদ নাজমুস শোয়েব।
তিনি প্রথম আলোকে বলেন, গত ১৫ জানুয়ারি থেকে দিনের বেলা গুলিস্তান, পল্টন, বায়তুল মোকাররম ও মতিঝিল এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে টানা অভিযান চালাচ্ছে ডিএসসিসি। তারপরও কিছু হকার ঝুড়িতে মালামাল নিয়ে ফুটপাতে ব্যবসা করছেন।
তাই গতকাল ওই এলাকায় অভিযান চালানো হয়। এতে বাধা দেওয়ায় গোলাপ, আবদুল মতিন, শান্তসহ ৯ হকার ও লাইনম্যানকে ৭ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ১ হকারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।