গুলিস্তানে উচ্ছেদে বাধা হকারদের

রাজধানীর গুলিস্তানে হকারদের সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে এলাকার পাতাল মার্কেটের সামনে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান চলার সময় এ ঘটনা ঘটে। অভিযানে ডিএসসিসির উচ্ছেদকারীদের সঙ্গে পুলিশও অংশ নেয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা দুইটার পর অভিযান শুরু হয়। তবে একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। আধা ঘণ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পল্টন থানার উপপরিদর্শক মো. বশিরুল বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের মতিঝিল বিভাগীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হন।
গুলিস্তানে উচ্ছেদ অভিযান শেষে বিকেল চারটার দিকে নগর ভবনে জরুরি সংবাদ ব্রিফিং করেন ডিএসসিসির মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, শহরের ফুটপাত দখলমুক্ত রাখতে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনার আলোকে চলমান উচ্ছেদের অংশ হিসেবে আজ গুলিস্তানে অভিযান চালায় ডিএসসিসি।
মেয়র বলেন, উচ্ছেদ অভিযানে হকারদের একটি অংশ বাধা দিয়েছিল। কিন্তু বাধা উপেক্ষা করে গুলিস্তানের সব অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি বাধা দেওয়া প্রত্যেক হকারকে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তীতে ডিএসসিসির উচ্ছেদ কার্যক্রমে কেউ বাধা দিলে তাদের কঠোরভাবে দমন করা হবে। এ ছাড়া ফুটপাত দখলমুক্ত রাখতে ঢাকা মহানগর পুলিশকে আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।