গুলিস্তানে উড়ালসড়কে বাসের ধাক্কায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলিস্তান এলাকায় মেয়র হানিফ উড়ালসড়কে আজ বুধবার বাসের ধাক্কায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। সকাল ১০টার দিকে উড়ালসড়কের টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও দুজন আহত হন।

নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। প্রাথমিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান প্রথম আলোকে জানান, ঘটনাস্থলে দুজন মারা যান। নিহত নারীর আনুমানিক বয়স ২৮ বছর। যুবকের বয়স প্রায় ৩০ বছর। নারীর পরনে লাল রঙের সালোয়ার-কামিজ ও যুবকের পরনে ছিল জিনসের প্যান্ট ও টি-শার্ট।

আহত দুজনের মধ্যে জাহাঙ্গীর হোসেন (৩০) ওয়ারী থানার পুলিশের কনস্টেবল ও আলী আজগর উড়ালসড়কের নিরাপত্তাকর্মী।

ওয়ারী থানার এসআই সুকান্ত বিশ্বাস প্রথম আলোকে জানান, চালক নিয়ন্ত্রণ হারালে শ্রাবণ পরিবহনের বাসটি উড়ালসড়কের পাশের পথচারীদের চাপা দেয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।