গুলিস্তানে দুটি গণশৌচাগার উদ্বোধন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) রাজধানীর গুলিস্তান এলাকায় দুটি গণশৌচাগার উদ্বোধন করেছে। গুলিস্তানের ওসমানী উদ্যানের ভেতর জামে মসজিদের পেছনে একটি এবং পীর ইয়ামেনী মার্কেটের পাশে অপর গণশৌচাগারটির অবস্থান।
আজ সোমবার দুপুরে ডিএসসিসি মেয়র সাঈদ খোকন আধুনিক সুবিধাসংবলিত গণশৌচাগারগুলোর উদ্বোধন করেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ওয়াটারএইড বাংলাদেশ এবং এইচ অ্যান্ড এম ফাউন্ডেশনের সহযোগিতায় গণশৌচাগারগুলো তৈরি করা হয়েছে।
গণশৌচাগারগুলোতে নারী-পুরুষ এবং প্রতিবন্ধী নারী-পুরুষের জন্য শৌচাগার ও গোসলের ব্যবস্থা আছে। তা ছাড়া এগুলোতে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা, পৃথক লকার, শিশুদের দুধ খাওয়ানো এবং ডায়াপার পরিবর্তনের জন্য আলাদা জায়গা আছে।
গণশৌচাগারগুলোতে নিয়মিত পরিচ্ছন্নতাকর্মী এবং নারী তত্ত্বাবধায়ক রাখা হয়েছে। এ ছাড়া সিসি ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এখানে গোসলের জন্য ১০ টাকা এবং পায়খানা বা প্রস্রাবের জন্য পাঁচ টাকা দিতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় ৪৭টি আধুনিক ও পরিচ্ছন্ন গণশৌচাগার নির্মাণের অংশ হিসেবে এগুলো চালু করা হয়েছে। পরিচ্ছন্ন নগর গড়তে এবং রাজধানীতে চলাচলকারী নারী-পুরুষের কথা বিবেচনা করে গণশৌচাগারগুলো স্থাপন করা হয়েছে।
গণশৌচাগারগুলো উদ্বোধনকালে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বেলাল, ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত ইয়োহান ফ্রিশেল, ওয়াটারএইড বাংলাদেশীয় প্রধান খায়রুল ইসলাম এবং ডিএসসিসির কাউন্সিলরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।