গুলিস্তানে বাসচাপায় বৃদ্ধ নিহত
বাবা জামালউদ্দিনকে (৭০) রাজধানী ঢাকা শহর ঘুরিয়ে দেখানোর শখ ছিল আল আমিনের। বাবাকে নিয়ে মহাখালী থেকে গাজীপুর পরিবহনের বাসে করে গুলিস্তান যাচ্ছিলেন তিনি। কিন্তু আজ রোববার বিকেল চারটায় যে বাস থেকে গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের হকি স্টেডিয়ামের গেটের সামনে নামেন, সেই বাসের চাপায়ই মারাত্মক আহত হন জামালউদ্দিন। পরে বিকেল সোয়া পাঁচটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। পুলিশ বাসটি আটক করলেও চালক পলাতক।
এ ঘটনায় মামলা করা হবে জানিয়ে নিহত বৃদ্ধের ছেলে আল আমিন প্রথম আলো ডটকমকে জানান, তাঁর বাবা একাই গ্রামের বাড়ি জামালপুর থেকে আজ দুপুর দুইটায় মহাখালী বাসস্ট্যান্ডে আসেন। বিকেল চারটার দিকে গুলিস্তানে জামালউদ্দিনকে হাত ধরে বাস থেকে নামাচ্ছিলেন তিনি। কিন্তু জামালউদ্দিন বাস থেকে নামার আগেই গাজীপুর পরিবহনের বাসটি দ্রুত চলতে শুরু করে। সে সময় পা পিছলে রাস্তায় পড়ে গেলে জামালউদ্দিনের ওপর দিয়ে বাসটি চলে যায়।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আহাদ পুলিশ বক্সের ইনচার্জ নাসির উদ্দিন সরকার জানান, গাজীপুর পরিবহনের বাসটি আটক করে পল্টন থানায় আনা হয়েছে। তবে দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই চালক পালিয়ে গেছেন।