গুলিস্তানে বাসের ধাক্কায় নিহত এক
রাজধানীর গুলিস্তানে বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম এ টি এম হাসান শফিক ওরফে দুলু (২৭)। আজ সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. শরিফ জানান, বেলা ১১টার দিকে গুলিস্তান পাতাল মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময় হিমাচল পরিবহনের ধাক্কায় গুরুতর আহত হন এ টি এম হাসান শফিক। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় বেলা পৌনে দুইটায় মারা যান।
নিহত ব্যক্তির মামা এ কে এম এ সাদেক জানান, তিনি জীবনবিমা করপোরেশনের হিসাবরক্ষক ছিলেন। কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার গাংচড় গ্রামের মৃত শামছুল হকের ছেলে। নিহত হাসান শফিক নবাবপুরে থাকতেন। তাঁর স্ত্রী রাহিমা আকতার। দুই বছর আগে বিয়ে করেন।
পুলিশ সূত্র জানায়, এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে।