গুলিস্তানে বোমা ফাটিয়ে লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলিস্তানে গতকাল বুধবার দিনেদুপুরে বোমা ফাটিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ ২৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। বোমায় মো. পলাশ (৫৮) নামের ওই ব্যবসায়ী ও অপর দুজন আহত হন। তাঁদের মধ্যে পলাশসহ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আমদানি-রপ্তানি ব্যবসায়ী মো. পলাশ বেলা পৌনে একটার দিকে মতিঝিলের একটি বেসরকারি ব্যাংক থেকে এক লাখ ২৬ হাজার টাকা তুলে হাতব্যাগে নিয়ে রিকশায় করে গুলিস্তান কমপ্লেক্সের সামনে নামেন। তিনি সেখান থেকে হেঁটে নবাবপুর রোডে যাওয়ার সময় আহাদ পুলিশ বক্সের কাছে অন্তত পাঁচজন ছিনতাইকারী তাঁর কাছ থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে ছিনতাইকারীরা একাধিক বোমার বিস্ফোরণ ঘটায়। বোমার আঘাতে পলাশের মাথা জখম হয় এবং ফুটপাতের গেঞ্জি বিক্রেতা ফয়েজ আহমেদ ও একজন পথচারী আহত হন। একপর্যায়ে ছিনতাইকারীরা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে পল্টন থানার পুলিশ আহত পলাশ ও ফয়েজকে হাসপাতালে নিয়ে যায়। অন্যজন বেসরকারি একটি হাসপাতালে প্রাথমিক চিকিত্সা নেন।
হাসপাতালে চিকিত্সাধীন পলাশ জানান, ছিনতাই হওয়া হাতব্যাগে টাকার সঙ্গে ১০ লাখ টাকার একটি চেকও ছিল। তাঁর বাসা রামপুরার বনশ্রীতে। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, ছিনতাই হওয়া টাকা উদ্ধার এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।