গুলিস্তানে মার্কেটে আগুন, পুড়ে গেছে তিন দোকান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলিস্তানে নগর ভবনের কাছে জাকের মার্কেটের তিনটি দোকান আগুন লেগে পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে আগুন লাগে। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্তব্যরত কর্মকর্তা মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, জ্বলন্ত সিগারেট থেকে আগুন লাগে। চারতলা মার্কেটটিতে অনেক দোকান আছে। আগুন ধরে তিনতলায়। এতে দুটি মশারির দোকান ও একটি জুতার দোকান পুড়ে যায়। মশারি সিনথেটিকের তৈরি হওয়ায় আগুন নেভাতে প্রায় দুই ঘণ্টা সময় লেগে যায়। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নেভায়। তিনি বলেন, অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
জাকের মার্কেটের আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।