গুলিস্তানে যাত্রীবাহী বাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলিস্তানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি যাত্রীবাহী বাস পুড়ে গেছে। আজ শুক্রবার বিকেল সোয়া চারটার দিকে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পল্টন থেকে গুলিস্তানের জিরো পয়েন্টে আসার পরই স্কাই লাইন পরিবহনের এই বাসে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ হয়। তবে এর আগেই যাত্রীরা বাস থেকে নেমে পড়েন। এ সময় বাসে আগুন ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থলে উপস্থিত গুলিস্তান সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নাসিরউদ্দিন জানান, যাত্রীদের ভাষ্য অনুযায়ী বিস্ফোরণের বেশ কিছু সময় আগে থেকে বাসটির সিলিন্ডার থেকে গ্যাস বের হচ্ছিল। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর জানা যায়নি। অবশ্য পুরো বাসটি পুড়ে গেছে বলে জানান তিনি। এদিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বাসের আগুন নিভিয়ে ফেলে।