গুলিস্তানে হকার রয়েছে, আশপাশ ফাঁকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা উচ্ছেদ অভিযান চালিয়ে পুরানা পল্টন, বায়তুল মোকাররম ও মতিঝিলের ফুটপাত হকারমুক্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। কিন্তু গুলিস্তান থেকে সম্পূর্ণ হকার উচ্ছেদে ডিএসসিসিকে হিমশিম খেতে হচ্ছে। ডিএসসিসি বলেছে, গুলিস্তানের ৯০ শতাংশ হকার উচ্ছেদে তারা সমর্থ হয়েছে। টানা অভিযান চালিয়ে অন্যদের উচ্ছেদ করা হবে।
গতকাল বুধবার বেলা ১১টায় গুলিস্তানের জাতীয় গ্রন্থকেন্দ্রের সামনে থেকে হকারদের উচ্ছেদে টানা নবম দিনের অভিযান চালায় ডিএসসিসি। অভিযানের আগাম খবর পেয়ে প্রায় ২০ মিনিট আগে মালামাল নিয়ে চলে যান অর্ধশতাধিক হকার৷ এর মধ্যে পাঁচ থেকে সাতজন তাঁদের ব্যবহৃত আসবাব সরিয়ে নিতে পারেননি। পরে ডিএসসিসির বুলডোজার ও পে-লোডার তা গুঁড়িয়ে দেয়। এভাবে গুলিস্তান শপিং কমপ্লেক্স, সার্জেন্ট আহাদ পুলিশ বক্স, ঢাকা ট্রেড সেন্টার উত্তর, ঢাকা ট্রেড সেন্টার দক্ষিণ, সুন্দরবন মার্কেট, ফুলবাড়িয়া ও বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অভিযান চালানো হয়। এসব এলাকায় হকারদের আরও প্রায় ১৫টি আসবাব গুঁড়িয়ে দেওয়া হয়৷
দুপুর সাড়ে ১২টার পর বায়তুল মোকাররম দক্ষিণ ফটক, উত্তর ফটক ও পশ্চিম পাশের সড়ক, পুরানা পল্টন মোড়, দৈনিক বাংলা ও মতিঝিল এলাকায় অভিযান চালানো হয়। এই এলাকায় তেমন কোনো হকার দেখা যায়নি। এসব এলাকায় স্বাচ্ছন্দ্যে চলাচল করছে পথচারীরা। সবকটি ফুটপাত পরিষ্কার। তবে বিকেল চারটার পরপরই ওই এলাকাগুলোতে আবার বসতে শুরু করেন হকাররা। এতে পথচারীদের চলাচল বাধাগ্রস্ত ও সড়কে যানজটের সৃষ্টি হয়৷
পথচারী কাউছার আলম বলেন, গুলিস্তান এলাকা শতভাগ হকারমুক্ত করা গেলেই ডিএসসিসি সফল হবে৷ অন্যথায় এই অভিযানের ফল পাওয়া যাবে না। উচ্ছেদের পাশাপাশি জেল-জরিমানাও করা দরকার৷
গতকাল উচ্ছেদ অভিযানগুলো পরিচালনা করেছেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরদার। তিনি প্রথম আলোকে বলেন, আগের তুলনায় গুলিস্তানে হকার নেই বললেই চলে। তারপরও শতভাগ সফল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে৷
১৫ জানুয়ারি থেকে কর্মদিবসে দিনের বেলা গুলিস্তান ও আশপাশের এলাকায় ফুটপাতে হকার বসা নিষিদ্ধ করে ডিএসসিসি। নিয়ম অনুযায়ী সন্ধ্যা সাড়ে ছয়টার পর ফুটপাতে তাঁদের ব্যবসা করার কথা। কিন্তু হকাররা তা না মানায় ওই দিন থেকেই লাগাতার এই উচ্ছেদ অভিযান চলছে।