গুলিস্তানে হকাররা নিয়ম মানছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা উচ্ছেদ অভিযানের পরও রাজধানীর গুলিস্তানে হকাররা কোনো আইনশৃঙ্খলা মানছেন না। তাঁরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়ের আগেই পণ্যের পসরা নিয়ে ফুটপাত ও সড়ক দখল করে বসে পড়ছেন। এতে পথচারীদের চলাচল বাধাগ্রস্ত ও সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে৷
গতকাল রোববার গুলিস্তান এলাকা থেকে হকারদের উচ্ছেদে ষষ্ঠ দিনের মতো অভিযান চালিয়েছে ডিএসসিসি। তবে পুরানা পল্টন, বায়তুল মোকাররম ও মতিঝিলের ফুটপাতের চিত্র অনেকটাই বদলে গেছে। এসব এলাকায় দিনের বেলা তেমন অবৈধ দোকানপাট বসে না। স্বচ্ছন্দে চলাচল করতে পারছেন পথচারীরা।
গতকাল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই এলাকাগুলোতে ঘুরে এ চিত্র দেখা গেছে। তবে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ করার দাবি অব্যাহত রেখেছে বিভিন্ন সংগঠন।
১৫ জানুয়ারি থেকে কর্মদিবসে দিনের বেলা গুলিস্তান ও আশপাশের এলাকায় ফুটপাতে হকার বসা নিষিদ্ধ করে ডিএসসিসি। নিয়ম অনুযায়ী সন্ধ্যা সাড়ে ছয়টার পর ফুটপাতে তাঁদের ব্যবসা করা কথা। কিন্তু হকাররা তা না মানায় ওই দিন থেকেই লাগাতার উচ্ছেদ অভিযান চলছে।
গতকাল সকাল সাড়ে সাতটা। গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টারের পূর্ব-পশ্চিম ও দক্ষিণ পাশের ফুটপাত এবং সড়কে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসছেন ২৫ থেকে ৩০ জন হকার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফুটপাতে হকারের সংখ্যাও বাড়তে থাকে। ১১টা পর্যন্ত এই এলাকায় শতাধিক হকার বসে পড়েন। বেলা সাড়ে ১১টায় উচ্ছেদ অভিযানের আগাম খবর পেয়ে নিজ উদ্যোগে মালামাল নিয়ে কেটে পড়েন অধিকাংশ হকার৷ বাকিরা ডিএসসিসির পে-লোডার দেখার পর ঝুড়িতে মালামাল নিয়ে দৌড়ঝাঁপ শুরু করেন। গুলিস্তান ট্রেড সেন্টার, গুলিস্তান শপিং কমপ্লেক্স, সুন্দরবন মার্কেট, সার্জেন্ট আহাদ পুলিশ বক্স, বঙ্গবন্ধু পাতাল মার্কেট, গোলাপ শাহ মাজার, জাতীয় গ্রন্থকেন্দ্র, বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে প্রায় একই চিত্র দেখা গেছে। গতকাল এই এলাকাগুলো থেকে দুই শতাধিক হকার উচ্ছেদ করা হয়। তাঁদের ব্যবহৃত আসবাব পে-লোডার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়৷ তবে পুরানা পল্টন, বায়তুল মোকাররমের পশ্চিম পাশের সড়ক ও ফুটপাত, উত্তর ফটক, দৈনিক বাংলা, মতিঝিল, দিলকুশা, ইত্তেফাক মোড়ে তেমন কোনো হকার দেখা যায়নি। এসব এলাকায় স্বচ্ছন্দে চলাচল করছেন পথচারীরা। সব কটি ফুটপাত পরিষ্কার। তবে বিকেল চারটার পরপরই ওই এলাকাগুলোতে আবার বসতে শুরু করেন হকাররা।