গুলিস্তানের পার্কে হকার পুনর্বাসন না করার দাবি

রাজধানীর গুলিস্তানের শহীদ মতিউর পার্কে হকারদের অস্থায়ী পুনর্বাসনের সিদ্ধান্ত প্রত্যাহার ও পার্কটি সংস্কারের দাবি জানিয়েছে দেশের বিভিন্ন সামাজিক এবং পরিবেশবাদী সংগঠন।
গতকাল বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘হকার পুনর্বাসনের জন্য গুলিস্তান পার্ক ব্যবহারের চিন্তা পরিহার করা হোক’ শীর্ষক স্লোগানে এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। গত ২৭ অক্টোবর গুলিস্তান এলাকা থেকে হকারদের উচ্ছেদে অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ওই দিন উচ্ছেদকে কেন্দ্র করে ডিএসসিসির কর্মচারী ও একদল যুবকের সঙ্গে হকারদের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় ফাঁকা গুলিবর্ষণ হয়। পরে ২৯ অক্টোবর নগরভবনে এক মতবিনিময় সভায় তালিকাভুক্ত আড়াই হাজার হকারকে শহীদ মতিউর পার্কের ভেতর অস্থায়ী পুনর্বাসনের সিদ্ধান্ত নেয় ডিএসসিসি। পার্কটি ‘গুলিস্তান পার্ক’ হিসেবে পরিচিত।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম, মাদকবিরোধী সংগঠন প্রত্যাশা, নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম (নাসফ), ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ, ইনস্টিটিউট অব ওয়েলবিং, গ্রিন ভয়েজ ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট যৌথভাবে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান বলেন, ১৯৬৯ সালে পাকিস্তানের সামরিক জান্তা আইয়ুববিরোধী আন্দোলনে নিহত মতিউরের নামে গুলিস্তান পার্কের নাম রাখা হয়েছিল৷ সেই শহীদ মতিউর পার্কেই গুলিস্তানের হকারদের অস্থায়ী পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছে ডিএসসিসি। এতে পুরান ঢাকার লুপ্তপ্রায় সবুজের মধ্যে টিকে থাকা পার্কটি হারিয়ে হওয়ার আশঙ্কা রয়েছে। অথচ দেশের স্বাধীনতা ইতিহাসের অন্যতম অংশ হিসেবে জড়িয়ে আছে এই পার্ক।
আবু নাসের খান বলেন, ঢাকা শহর পৃথিবীর অন্যতম বসবাস অনুপযোগী শহর। ঢাকার দুই মেয়র নির্বাচনের আগে এই শহরকে সবুজায়ন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এখন তাঁরা হকারদের পুনর্বাসন ও অন্যান্য উন্নয়নের নামে ঢাকার মাঠ-পার্ক দখল করে সবুজায়নকে ধ্বংস করছেন। অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে ডিএসসিসিকে সরে আসতে হবে। হকারদের অন্য কোনো স্থানে পুনর্বাসনে জন্য ডিএসসিসিকে আহ্বান জানান তিনি।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিহির বিশ্বাস বলেন, মহানগরী, বিভাগীয় শহর ও জেলা শহরের পৌর এলাকাসহ দেশের সব পৌর এলাকার খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান ও জলাধার সংরক্ষণ আইন অনুযায়ী গুলিস্তান পার্কে হকারদের পুনর্বাসন করার কোনো সুযোগ নেই। তা বাস্তবায়ন হলে স্বাস্থ্য, প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। বর্তমানে জনমনে এই পার্কটি হারিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বাপার জাতীয় পরিষদের সদস্য ও আদি ঢাকাবাসী ফোরামের সদস্যসচিব জাভেদ জাহান বলেন, ‘পুরান ঢাকার পার্ক ও খেলার মাঠ দখল এবং বিলুপ্তির ধারায় গুলিস্তান পার্কটি কোনো রকমে টিকে রয়েছে। ছোটবেলা এই পার্কে বন্ধুদের নিয়ে খেলাধুলা করতাম। পার্কের ভেতর থাকা পুকুরে নিয়মিত সাঁতার কাটতাম। কিন্তু বর্তমানে পুকুরের পানি ও পার্কের পরিবেশ নষ্ট হয়ে গেছে। অথচ পুরান ঢাকার ইতিহাসের সঙ্গে এই পার্ক অঙ্গাঙ্গিভাবে জড়িত।’ তিনি বলেন, ‘হকারদের চাহিদা মেটাতে সবুজায়ন ধ্বংস করে গুলিস্তানে প্রায় ২০টি বাণিজ্যিক মার্কেট নির্মাণ করা হয়েছে। এতে দোকান রয়েছে প্রায় ১০ হাজার। এভাবে মাঠ, পার্ক ধ্বংস করে হকারদের চাহিদা মেটানো সম্ভব নয়। এসব হকারকে তাড়াতে ডিএসসিসিকে বিকল্প ব্যবস্থা নিতে হবে।’
জনস্বার্থ ফাউন্ডেশনের সভাপতি ডি এম সাকলায়েন বলেন, গুলিস্তান পার্কের ভেতর মহানগর নাট্যমঞ্চ নির্মাণের পর পার্কটির পরিবেশ দিনে দিনে নষ্ট হয়ে গেছে। অবিলম্বে পার্কটি সংস্কার করে হাঁটাপথ, বসার স্থান, ছাউনি, শিশুদের খেলাধুলার উপকরণ নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের প্রকল্প কর্মকর্তা জিয়াউর রহমানের সঞ্চালনায় বাপার নির্বাহী সদস্য মহিদুল হক খান, যুগ্ম সম্পাদক হুমাযুন কবির, প্রত্যাশার সাধারণ সম্পাদক হেলাল আহমেদ প্রমুখ বক্তব্য দেন। মানববন্ধন শেষে ডিএসসিসির মেয়র সাঈদ খোকনকে স্মারকলিপি দেন তাঁরা।