গুলিস্তানের ফুটপাতে উচ্ছেদ অভিযান চলছে

রাজধানীর গুলিস্তান ও আশপাশের এলাকায় আজ সোমবারও ফুটপাতে ও সড়ক থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ বেলা ১১টা থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। এর প্রতিবাদে হকারদের একটি দল নগর ভবনের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলছিল।
ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মোহাম্মদ নাজমুস শোয়েব প্রথম আলোকে বলেন, সকালে গুলিস্তানের গোলাপশাহ মাজার থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। এ অভিযানে গুলিস্তানের জাতীয় গ্রন্থাগারের সামনের প্রায় ৪০টি অবৈধ দোকানপাট তুলে দেওয়া হয়। এসব দোকানের চৌকি-টেবিল পোলডার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
এরপর গুলিস্তানের শহীদ সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনের ফুটপাত ও সড়কের অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মোহাম্মদ নাজমুস শোয়েব। তিনি বলেন, সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনে ও ঢাকা ট্রেড সেন্টারের দক্ষিণ, পূর্ব ও পশ্চিম পাশে উচ্ছেদ অভিযান চালানো হয়। সেখানকার অর্ধশতাধিক দোকান উচ্ছেদ করা হয়। আধঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে ফুলবাড়িয়া এলাকার ১০-১২টি দোকান উচ্ছেদ করা হয়। এরপর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকসংলগ্ন ফুটপাত ও পশ্চিম পাশের সড়ক দখলমুক্ত করার কাজ করা হয়। এই অভিযান শেষে গতকাল রোববার মতিঝিলের যেসব এলাকায় অভিযান চালানো হয়েছিল, সেসব এলাকা পরিদর্শন করা হবে। যদি ওই এলাকায় আবারও অবৈধ দোকানপাট বসানো হয়, তাহলে সেখানেও উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানান তিনি।
এদিকে উচ্ছেদ অভিযানের প্রতিবাদে বেলা সাড়ে ১১টার দিকে হকারদের একটি দল নগর ভবনের সামনে বিক্ষোভের চেষ্টা করে। পুলিশের বাধা পেয়ে তাদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল নগর ভবনের ভেতরে যায়। সেখানে তাঁরা ডিএসসিসির মেয়র সাঈদ খোকনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে মেয়র সাঈদ খোকন সাংবাদিকদের বলেন, অবৈধ দোকানপাট উচ্ছেদের বিষয়ে তিনি তাঁর আগের সিদ্ধান্তে অটল আছেন। গুলিস্তান ও এর আশপাশের এলাকার ফুটপাতে সন্ধ্যা সাড়ে ছয়টার আগে হকারদের বসতে দেওয়া হবে না।