
রাজধানীর গুলিস্তানের ফুটপাতের এক জুতা ব্যবসায়ীর মামলায় গ্রেপ্তার গুলিস্তানের ট্রেড সেন্টার মালিক সমিতির সভাপতিসহ ১৯০ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার রাতে ঢাকার মহানগর হাকিম খোরশেদ আলম এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক ওবায়দুর রহমান গ্রেপ্তার ১৯০ জনকে ঢাকার আদালতের (সিএমএম) হাজতখানায় হাজির করেন।
এ ব্যাপারে জানতে চাইলে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক জালাল উদ্দিন প্রথম আলোকে বলেন, আসামিদের রিমান্ডে নেওয়ার কোনো আবেদন করা হয়নি। তাই তাদের আদালতেও তোলা হয়নি। আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
কারাগারে যাওয়া ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, গুলিস্তানের ট্রেড সেন্টার মালিক সমিতির সভাপতি হুমায়ুন কবির মোল্লা (৫৬), ট্রেড সেন্টারের মালিক সমিতির (দক্ষিণ) কোষাধ্যক্ষ খন্দকার সিরাজুল ইসলাম (৬৮), ট্রেড সেন্টারের দক্ষিণের ধর্মবিষয়ক সম্পাদক হাজী মো. নান্নু মিয়া (৫৫), সহসভাপতি শাহাদাত হোসেন (৫৫), যুগ্ম সাধারণ সম্পাদক সেকেন্দার ব্যাপারী (৫৪)। এ ছাড়া গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের অধিকাংশ ট্রেড সেন্টারের বিভিন্ন দোকানের কর্মকর্তা-কর্মচারী।
গুলিস্তানে লুৎফর রহমান নামের এক ফুটপাতের জুতা ব্যবসায়ী পল্টন থানায় গতকাল বৃহস্পতিবার বাদী হয়ে মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, তাঁরা দীর্ঘদিন ধরে গুলিস্তানের ট্রেড সেন্টারের দক্ষিণপাশের ফুটপাতে জুতার ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন। কিন্তু ট্রেড সেন্টারের বিভিন্ন দোকানদার তাঁদের হুমকি দিয়ে বলেন, ‘তাঁদের ফুটপাতে জুতার ব্যবসা করতে দেবে না।’

বাদীসহ ফুটপাতের দু শ জুতা ব্যবসায়ীকে পূর্বপরিকল্পিতভাবে বেআইনি জনতাবদ্ধ হয়ে তাঁদের ওপর হামলা করে। এতে কয়েকজন গুরুতর আহত হয়। মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০-৩৫ জন ফুটপাতের জুতা ব্যবসায়ীর ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন। এ ছাড়া আসামিরা ফুটপাতের ব্যবসায়ীদের দোকান ভাঙচুর ও মালামাল লুট করে। ফুটপাতের জুতা ব্যবসায়ীদের ১ কোটি ২৭ লাখ ৯৫ হাজার টাকার মালামাল লুট করেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ট্রেড সেন্টারের কেয়ার সুজের মালিক শব্দের আলীর হুকুমে এই হামলা ও মালামাল লুট করেছেন আসামিরা।
সরেজমিন দেখা যায়, আজ শুক্রবার বিকেল ৫টার দিকে পাঁচটি প্রিজন ভ্যানে করে আসামিদের আদালতের হাজতখানায় আনে পল্টন থানা-পুলিশ। পরে রাত সাড়ে দশটার দিকে প্রিজন ভ্যানে করে তাঁদের কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া শুরু হয়। সর্বশেষ প্রিজন ভ্যানটি রাত ১১টার দিকে আদালত এলাকা ত্যাগ করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আত্মীয়স্বজন আদালতের হাজতখানার সামনে জড়ো হয়।
ট্রেড সেন্টারের এক দোকান মালিক প্রথম আলোকে বলেন, তাঁর দোকানের এক কর্মচারীকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এমনকি তাঁর দোকানে জুতা কিনতে এসেছিলেন এমন দুই ব্যক্তিকেও পুলিশ ধরে নিয়ে এসেছে। এদের মধ্যে একজন প্রকৌশলী।