গুড়-মুড়িতেও ‘বিষ’
রাজশাহীতে আখের গুড় ও মুড়িতে ব্যাপকভাবে ভেজাল মেশানো হচ্ছে। রমজান মাসে চাহিদা বেড়ে যাওয়ায় একশ্রেণীর অসাধু ব্যবসায়ী ভেজাল গুড় ও মুড়ি তৈরি করে বাজারে সরবরাহ করছে।রাজশাহীর চারঘাট এলাকায় চিটাগুড়, চিনি ও ময়দা মিশিয়ে তৈরি করা হচ্ছে আখের গুড়। এই এলাকায় এ রকম গুড় তৈরির শতাধিক কারখানা গড়ে উঠেছে। এ গুড় ৭০-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ইফতারির আরেক উপকরণ মুড়ি। এগুলো ধবধবে সাদা করার জন্য ব্যবহূত হচ্ছে ইউরিয়া। এসব রাসায়নিক উপাদান ও ভেজাল মিশিয়ে তৈরি করা মুড়ি ও গুড় খেলে মানুষের কিডনি ও যকৃতের ক্ষতি হতে পারে বলে চিকিৎসকেরা জানান।গত সোমবার চারঘাট উপজেলার কাঁকড়ামারি, পরানপুর, মেরামতপুর, চন্দনশহর, পিরোজপুর, তালবাড়িয়া ও বড়বাড়িয়া এলাকায় ঘুরে দেখা গেছে, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী প্রকাশ্যে এসব কারখানায় ভেজাল গুড় তৈরি করছেন। তাঁরা ৫০ কেজি গুড় তৈরির জন্য ১৫ কেজি চিটাগুড়, ২৫ কেজি চিনি, পাঁচ কেজি ময়দা ও এক ধরনের বিষাক্ত রং ব্যবহার করছেন।কয়েকজন ব্যবসায়ী জানান, এসব এলাকায় ২০ টাকা কেজি দরে চিটাগুড়, ৬৩ থেকে ৬৫ টাকায় চিনি এবং ৩৪ টাকায় ময়দা কিনে গুড় তৈরি করা হয়। পরে সেই গুড় ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।স্থানীয় লোকজন জানান, এই গুড়ের ভেতর তেলাপোকা, টিকটিকি ও কুকুরের হাড় পাওয়া যাচ্ছে। রং ফরসা করার জন্য এর সঙ্গে সোডিয়াম হাইড্রো সালফেট মেশানো হয়। এই রাসায়নিক মেশানোর সময় চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এর সঙ্গে আরও ব্যবহার করা হয় বিশেষ ধরনের রং।চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম বজলুর রশীদ বলেন, অভিযোগ পাওয়ার পর গত বছর ভ্রাম্যমাণ আদালত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছিল। এবার এমন অভিযোগ পাননি। তবে খোঁজ নিয়ে ভেজাল গুড়ের কারখানা পেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করবে।রাজশাহী চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আল আমিন বলেন, চিটাগুড় মানুষের শরীরের জন্য ক্ষতিকর। এ জন্য কারখানায় চিনি তৈরির সময়ই চিটাগুড় উপজাত দ্রব্য হিসেবে আলাদা করা হয়। তাঁরা দরপত্রের মাধ্যমে তা বিক্রি করেন। যাঁরা কেনেন, তাঁরা স্প্রিট তৈরির কারখানায় কাঁচামাল হিসাবে চিটাগুড় ব্যবহার করেন। কোথাও কোথাও গো-খাদ্য হিসেবেও এগুলো ব্যবহূত হয়।ধবধবে সাদা করার জন্য রাজশাহীতে মুড়ির তৈরির সময় ইউরিয়া ব্যবহার করা হচ্ছে। শহরের দোকানগুলোয় প্যাকেটজাত এই সাদা মুড়ি পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ইউরিয়া দিয়ে ভাজা এই মুড়ি মানবদেহের জন্য ক্ষতিকর।১৫ আগস্ট দুপুরে নগরের বনগ্রাম এলাকার এইট স্টার মুড়ি কারখানায় গিয়ে দেখা গেছে, বড় একটা প্লাস্টিকের ড্রামে ইউরিয়া মেশানো পানি রাখা হয়েছে। সেখান থেকে পাতিলে করে নিয়ে মুড়ির চালে মাখানো হচ্ছে। কারখানার কর্মচারীরা জানান, ইউরিয়া মাখানো পানি দেওয়ার কারণে মুড়ি ধবধবে সাদা হয়। এতে কোনো ক্ষতি হয় কি না, জানতে চাইলে তাঁরা কোনো কথা বলেননি।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি রোগ বিভাগের বিভাগীয় প্রধান এ কে এম মনোয়ারুল ইসলাম বলেন, ইউরিয়ায় যে রাসায়নিক থাকে, তা শরীরের ঢুকলে কিডনির ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। এগুলো কিডনি ছাড়া যকৃতেরও ক্ষতি করে।