গৃহ করের চাপে নাকাল ঝালকাঠি পৌরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি পৌরবাসী অতিরিক্ত গৃহকরের (হোল্ডিং ট্যাক্স) চাপে নাকাল হয়ে পড়েছেন। কর কমাতে অনেকে পৌরসভার কার্যালয়ে ছুটছেন।

পৌরসভা কর আদায় দপ্তর সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ২০১৪ সালে জারি করা গেজেটের মাধ্যমে পৌরবাসীর ওপর ২০ থেকে ২৫ শতাংশ পৌরকর বৃদ্ধি করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে এর পরিমাণ ৪০ শতাংশ করা হয়েছে। গেজেট অনুযায়ী, প্রতিটি টিনের ঘর বর্গফুটপ্রতি ৮০০ টাকা এবং প্রতিটি পাকা ভবন ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা ধার্য করা হয়েছে। এতে গৃহকর ৫০ থেকে ৬০ শতাংশ বৃদ্ধি পাওয়ার কথা। কিন্তু পৌরবাসীর কথা চিন্তা করে মেয়র এর অর্ধেক ধার্য করেছেন। ঝালকাঠি পৌরসভায় প্রায় ১১ হাজার হোল্ডিংধারী বাসিন্দা রয়েছেন। এর মধ্যে যাঁরা বাড়ি ভাড়া ভোগ করেন, তাঁরা দুই মাসের ভাড়া পৌরসভায় জমা দেবেন। বাকি ১০ মাসের ভাড়া বাড়ির মালিক ভোগ করবেন।

পৌরবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছর যার কর ছিল ১ হাজার ২০০ টাকা, এ বছর তা নির্ধারণ করা হয়েছে ১১ হাজার টাকা। আবার কারও ১৯ হাজারের জায়গায় ৭০ হাজার টাকা কর ধরা হয়েছে। ইতিমধ্যে পৌর কর্তৃপক্ষ শহরে মাইকিং করে পৌরবাসীকে দপ্তরে খোঁজ নিয়ে নতুন করের বিষয়ে কোনো আপত্তি থাকলে রিভিউ করতে অনুরোধ জানিয়েছে। আপত্তি নিষ্পত্তি করে দ্রুত পৌর কর পরিশোধের আহ্বান জানানো হয়েছে। আগামী তিন মাস এই রিভিউ নিষ্পত্তির সুযোগ থাকবে। এ ঘোষণার পর থেকে শত শত বাসিন্দা পৌরসভায় ছুটছেন।

গত বুধবার সরেজমিনে দেখা গেছে, পৌরবাসিন্দারা রিভিউয়ের জন্য ২০ টাকা মূল্যের আবেদন ফরম সংগ্রহ করছেন। করকর্মীরা ওয়ার্ডভিত্তিক কর নিরূপণের পরিমাণ সবাইকে জানিয়ে দিচ্ছেন।

পশ্চিম চাঁদকাঠি এলাকার বাসিন্দা আইনজীবী মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘গত বছর আমার বাড়ির পৌরকর ছিল ১ হাজার ৪০০ টাকা। এবার তা ধরা হয়েছে ১০ হাজার টাকা। আমার কোনো ভাড়াটে না থাকলেও ঘর ভাড়া ধরা হয়েছে ৩ হাজার টাকা।’

কলেজ রোড এলাকার বাসিন্দা বাবুল হোসেন বলেন, ‘আমার হোল্ডিং কর ১ হাজার ৭০০ টাকার পরিবর্তে এবার করা হয়েছে ১০ হাজার টাকা।’

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাকিব বলেন, তাঁদের পৌরকর ধরা হয়েছে ৭০ হাজার টাকা, যা আগে ছিল ১৯ হাজার।

পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদার বলেন, গত পৌর মেয়রের সময় পৌরসভার মাসিক খরচ ছিল ১৫ লাখ টাকা। তা এখন বেড়ে দাঁড়িয়েছে ৫৫ লাখ টাকা। সরকার পৌরকর্মীদের বেতনসহ কোনো খরচ দেয় না, যা মেটাতে হয় পৌরবাসীর করের টাকায়। করের হার না বাড়িয়ে উপায় নেই। সরকারি গেজেটের আলোকে আইনানুসারেই বাড়ানো হয়েছে। তবে রিভিউ সুবিধা রাখা হয়েছে। যে কেউ ইচ্ছা করলেই আপত্তি দিতে পারবেন।

পৌরবাসীর অসন্তোষ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পৌরসভার পক্ষ থেকে গত শনিবার মাইকিং করে নতুন গ্ৃহ করের প্রস্তাব বাস্তবায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বলে প্রচার করা হয়।

এ ব্যাপারে গতকাল সোমবার পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার বলেন, ‘বিষয়টি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। পরে আমাদের করণীয় কি হবে তা নির্ধারণ করা হবে।’