বছরের পর বছর ধরে গৃহকর (হোল্ডিং ট্যাক্স) না দেওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। খেলাপি গৃহকর আদায়ে ১৩ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত মোট ৬২টি হোল্ডিংয়ের বিরুদ্ধে ক্রোক পরোয়ানা (মালামাল জব্দ করে নিয়ে আসা) জারি করা হয়েছে।
সিটি করপোরেশন সূত্র জানায়, মোট ১ লাখ ৫০ হাজার ৭৯২টি হোল্ডিংয়ের বিপরীতে গত ডিসেম্বর পর্যন্ত গৃহকর পাওনা আছে ২৭০ কোটি ৯৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি হোল্ডিংয়ের (১ হাজার ৬২৪টি) কাছে পাওনা ১৬৮ কোটি ৭০ লাখ টাকা। বেসরকারি হোল্ডিংয়ের (১ লাখ ৫০ হাজার ৭৯২টি) কাছে বকেয়া রয়েছে ১০২ কোটি ২৪ লাখ টাকা।
ক্রোকি পরোয়ানা জারি করা ৬২টি হোল্ডিংয়ের মধ্যে ব্যক্তিমালিকানাধীন হোল্ডিং ৪১টি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ২১টি। এসব হোল্ডিংয়ের বিপরীতে সিটি করপোরেশনের মোট পাওনা ২ কোটি ৮৫ লাখ ১১ হাজার ৫৭৬ টাকা। এর মধ্যে সর্বনিম্ন খেলাপি চান্দগাঁও এলাকার ঈশ্বর চন্দ্র বড়ুয়ার। ১৯৯৩-৯৪ সাল থেকে গৃহকর বাবদ তাঁর কাছে করপোরেশন পাবে ৫২ হাজার ২৫৩ টাকা। একই এলাকার ফয়েজ আহমদের গৃহকর বকেয়া রয়েছে ৮০ হাজার ৮৯০ টাকা। ২০০৯-১০ অর্থবছর থেকে এই গৃহকর বকেয়া পড়ে আছে।
গৃহকর আদায়ে ক্রোক পরোয়ানা জারির বিষয়টি ইতিবাচক উল্লেখ করে অর্থনীতিবিদ ও ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দর খান প্রথম আলোকে বলেন, উন্নত সেবা চাইলে যথাসময়ে গৃহকর পরিশোধ করা উচিত। কিন্তু কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান গৃহকর পরিশোধের ক্ষেত্রে নির্বিকার থাকেন, যা ঠিক নয়। এ জন্য সিটি করপোরেশন আইন প্রয়োগ করতে পারে।
সিটি করপোরেশন সূত্র জানায়, ক্রোক পরোয়ানা জারি করা ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে চান্দগাঁও এলাকার মেসার্স আরজান কার্পেট মিলস লিমিটেড ১৯৯৪-৯৫ অর্থবছর থেকে গৃহকর পরিশোধ করছে না। এই প্রতিষ্ঠানের কাছে পাওনা ৩৮ লাখ ৫৪ হাজার ৯৩০ টাকা। এস এম ফজলুল হকের মালিকানাধীন মেসার্স চয়েজ গার্মেন্টস লিমিটেডের বকেয়া গৃহকরের পরিমাণ ১০ লাখ ৮৯ হাজার ৭৯৫ টাকা। ১৯৮০-৮১ অর্থবছর থেকে গৃহকর দিচ্ছে না আন্দরকিল্লা ফজল কবির গং। তাদের কাছে মোট পাওনা ৪ লাখ ৯৩ হাজার। জামালখানের জাহাঙ্গীর আলমের কাছে পাওনা ৪ লাখ ৩৫ হাজার ৫৭৭ টাকা। এ ছাড়া অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে, যাদের কেউ আট বছর, কেউ ১০ বছর ও ১৫ বছর ধরে গৃহকর দিচ্ছে না। তাদের দফায় দফায় নোটিশ দেওয়া হলেও গৃহকর পরিশোধ করেনি বলে কর কর্মকর্তারা জানান। শেষ পদক্ষেপ হিসেবে তাদের বিরুদ্ধে ক্রোক পরোয়ানা জারি করা হয়েছে।
এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম প্রথম আলোকে বলেন, করপোরেশনের রাজস্ব আয়ের প্রধান খাত গৃহকর। প্রাথমিকভাবে কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে ক্রোক পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে কয়েকজন ব্যক্তি কর পরিশোধ করেছেন। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। তিনি বলেন, এই পরোয়ানার বিরুদ্ধে এরপরও কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আদালতে গেলে আইনগতভাবেই তা মোকাবিলা করা হবে।
রাজস্ব বিভাগের কর কর্মকর্তারা বলেন, গৃহকর আদায়ের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রথমে বার্ষিক দাবিনামার বিল দেওয়া হয়। এরপর গৃহকর পরিশোধের অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়। এরপরও কর পরিশোধ না করলে চূড়ান্ত ব্যবস্থা হিসেবে ক্রোক পরোয়ানা জারি করা হয়। তবে ১৯৮৯ সালের পর আর কখনো ক্রোকি পরোয়ানা জারি করা হয়নি। ১৯৮৯ সালে আগ্রাবাদের একটি সিনেমা হলের বিরুদ্ধে ক্রোক পরোয়ানা জারি করে ওই হলের মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়।
ক্রোকি পরোয়ানা জারি হওয়ার পর গৃহকর পরিশোধ করেছেন বলে জানান আন্দরকিল্লার বাসিন্দা সেলিম খান। তাঁদের দুটি হোল্ডিংয়ের বিপরীতে ৯ লাখ ৭৬ হাজার টাকা বকেয়া ছিল। তিনি বলেন, ‘আমরা গৃহকর কমানোর জন্য আবেদন করেছিলাম। বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় কর পরিশোধ করিনি। সম্প্রতি গৃহকর পরিশোধ না করলে সম্পত্তি ক্রোক করা হবে বলে জানানো হয়েছে। তাই ঝামেলা এড়াতে গৃহকর পরিশোধ করে দিয়েছি।’
একই এলাকার বাসিন্দা ফজল কবিরের ছেলে নুরুল কবির প্রথম আলোকে বলেন, ‘গৃহকর বকেয়া থাকার বিষয়টি আমরা জানতাম না। সম্প্রতি তা জানতে পারি। এখন চার ভাই বসে গৃহকর পরিশোধের ব্যাপারে সিদ্ধান্ত নেব।’
জামালখানের বাসিন্দা জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘আমি ঋণ নিয়ে ভবন নির্মাণ করেছি। গৃহকর কমানোর জন্য আবেদন করেছিলাম। কিন্তু সাড়া পাইনি। এখন ভবন থেকে যা আয় হয়, তা দিয়ে সংসার চালাতে কষ্ট হয়ে যায়। গৃহকর পরিশোধ করব কীভাবে।’
তবে সিটি করপোরেশন রাজস্ব সার্কেল-৩-এর কর কর্মকর্তা জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, যথাযথ বিধিবিধান মেনে গৃহকর বকেয়া রাখা প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিরুদ্ধে ক্রোক পরোয়ানা জারি করা হয়েছে। এখন কর পরিশোধ না করলে খেলাপি ব্যক্তি ও প্রতিষ্ঠানের অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।