চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, গৃহকর আদায়ের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই। তবে কর আদায় করতে গিয়ে নাগরিকদের সঙ্গে অশোভন আচরণ করা যাবে না। কর আদায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক হওয়ারও নির্দেশ দেন তিনি।
গতকাল রোববার সকালে নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে করপোরেশনের রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠকে মেয়র এ নির্দেশ দেন।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা আহমদুল হক, রাজস্ব কর্মকর্তা শামসুল আলম প্রমুখ।
বৈঠকে জানানো হয়, গত অর্থবছরে (২০১৪-১৫) প্রায় দুই শ কোটি টাকার গৃহকর বকেয়া রয়েছে।
মেয়র বলেন,সরকারি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে কর আদায়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতা নেওয়া হবে। বেসরকারি কর যথানিয়মে আদায় করতে হবে। কর আদায়ে লক্ষ্যমাত্রা অর্জনের তাগিদ দিয়ে তিনি বলেন, করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও আনুষঙ্গিক সব খরচ রাজস্ব আয় থেকে নির্বাহ করা হয়। তাই কর আদায়ের কাজ গুরুত্ব দিয়ে করতে হবে।