রাজস্ব আয়ের প্রধান খাত গৃহকর (হোল্ডিং ট্যাক্স) আদায়ে বড় ধাক্কা খেল চট্টগ্রাম সিটি করপোরেশন। টানা চার বছরের মধ্যে প্রথমবারের মতো এ খাতে আয় কমেছে। ২০১৫-২০১৬ অর্থবছরের তুলনায় সদ্য বিদায়ী অর্থবছরে (জুলাই ২০১৬ থেকে জুন ২০১৭) গৃহকর খাতে প্রায় ১৪ কোটি টাকা আয় কম হয়েছে।
সদ্য বিদায়ী অর্থবছরে গৃহকর বাবদ আয় ১০৩ কোটি ৪৪ লাখ ১৮ হাজার ৫৩৭ টাকা। এর আগের বছরে আদায় হয়েছিল ১১৭ কোটি ৬০ লাখ ৬১ হাজার টাকা। অথচ প্রতিবছর নগরে হোল্ডিং (বাসস্থান, দোকান) সংখ্যা বাড়ছে। ২০১৫-১৬ অর্থবছরে হোল্ডিং সংখ্যা ছিল ১ লাখ ৫০ হাজার ৭৯২টি। বর্তমানে আছে ১ লাখ ৫৭ হাজার ১৩১টি। বিদায়ী অর্থবছরে গৃহকর খাতে সিটি করপোরেশনের আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৫৫০ কোটি ৮৯ লাখ ৪৮ হাজার টাকা।
গৃহকর থেকে পাওয়া অর্থের সিংহভাগ ব্যয় হয় সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতায়। বাকি টাকা নাগরিকদের বিভিন্ন সেবা দেওয়ার ক্ষেত্রে ব্যয় হয়। করপোরেশনের কর্মীদেরই বেতন প্রায় ২০০ কোটি টাকা। আয় কম হওয়ায় দুটো ক্ষেত্রেই করপোরেশনকে সমস্যায় পড়তে হবে বলে রাজস্ব বিভাগের কর্মকর্তারা স্বীকার করেছেন।
সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের তথ্য অনুযায়ী, পাঁচটি কারণে গৃহকর আদায়ে নেতিবাচক প্রভাব পড়েছে। এর মধ্যে রয়েছে কর পুনর্মূল্যায়ন (কয়েকটি ওয়ার্ডে গৃহকরের হার বাড়ানোর উদ্যোগ) কার্যক্রম নিয়ে বিতর্ক। অতিরিক্ত গৃহকর আদায় বন্ধে আদালতে সংক্ষুব্ধদের রিট। কর আদায়ে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কাজে ফাঁকি দেওয়ার মানসিকতা। কর আদায়কারীদের যথাযথ প্রশিক্ষণ না থাকা। রীতি অনুযায়ী জুন মাসেই কর আদায় বেশি হয়। কিন্তু এ মাসে জলাবদ্ধতা, রোজা ও ঈদের ছুটি একসঙ্গে পড়ে। ফলে করদাতাদের সেভাবে চাপ দিতে পারেননি কর আদায়কারীরা।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ মুস্তাফিজুর রহমানের দাবি, গৃহকর খাতে আয় বাড়ানোর জন্য চেষ্টার কমতি ছিল না। এ জন্য করদাতাদের সঙ্গে বিভিন্ন রাজস্ব সার্কেল কার্যালয়ে বেশ কয়েকবার বৈঠক করা হয়। কর আদায় কার্যক্রমের সঙ্গে যুক্ত করপোরেশনের বারবার তাগাদাও দেওয়া হয়। এসব উদ্যোগ না নিলে গৃহকর আরও কম আদায় হতো বলে মনে করেন তিনি।
গৃহকরের পাশাপাশি আরও চারটি খাতে বিদায়ী অর্থবছরে সিটি করপোরেশনের আয় কমেছে। এর মধ্যে ট্রেড লাইসেন্স খাতে ২০১৫-২০১৬ অর্থবছরে ২১ কোটি ৩৬ লাখ টাকা আয় হলেও সদ্য বিদায়ী অর্থবছরে হয়েছে ২০ কোটি ৮১ লাখ টাকা। এস্টেট (করপোরেশনের বিপণিবিতান, দোকান ও হাটবাজার) খাতে আয় হয়েছে ২২ কোটি ১০ লাখ টাকা। এর আগের অর্থবছরে যা ছিল ৩০ কোটি ৯৭ লাখ টাকা। সাইনবোর্ড খাতে সদ্য বিদায়ী বছরে ৪ কোটি ৫৮ লাখ টাকা আয় হয়েছে। এ খাতে আগের অর্থবছরে আয়ের পরিমাণ ছিল ৫ কোটি ৯৮ লাখ টাকা। একই অবস্থা ভূমি হস্তান্তর খাতেও। বিদায়ী বছরের ৫৫ কোটি ৯৯ লাখ ৩০ হাজার টাকা আয়ের বিপরীতে আগের অর্থবছরে আয় ছিল ৫৬ কোটি টাকা। শুধু বিবিধ খাতে (বিভিন্ন ফরম বিক্রি ও যানবাহন ফিগত বছরের তুলনায় বেশি আয় হয়েছে। এ খাতে এবার আয় ৩ কোটি ৯৯ লাখ ৭৬ হাজার টাকা। আগের বছরে ছিল ২ কোটি ৬১ লাখ টাকা।
গত বছরের ২১ মার্চ চট্টগ্রাম নগরের ১১টি ওয়ার্ডে ‘ভাড়ার ভিত্তিতে’ গৃহকর আদায়ে উদ্যোগ নেয় করপোরেশন। এর আগে স্থাপনার আয়তন অনুযায়ী (প্রতি বর্গফুট) গৃহকর নির্ধারণ করা হতো। ভাড়ার ভিত্তিতে গৃহকর আদায়ের সিদ্ধান্ত বাতিল করার দাবিতে আন্দোলন করে আসছেন চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। একই দাবিতে সংবাদ সম্মেলন, মতবিনিময়সহ বিভিন্ন কর্মসূচি পালন করে চলেছে চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদ নামের একটি সংগঠন। চলতি বছরের ২১ মার্চ চারজন ব্যক্তির একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সিটি করপোরেশনের বর্ধিত হোল্ডিং ট্যাক্স আদায় কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন। এসব কারণে রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানান করপোরেশনের রাজস্ব বিভাগের কর্মকর্তারা।
কর পুর্নমূল্যায়ন কার্যক্রম চালু করতে না পারায় বিদায়ী অর্থবছরে রাজস্ব আদায় কম হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি প্রথম আলোকে বলেন, কর আদায় কার্যক্রম জোরদার করতে রাজস্ব বিভাগের কর্মীদের দক্ষতা বাড়ানোর চেষ্টা চলছে। গৃহকরের হার নির্ধারণ করা নিয়ে আদালতে মামলা চলছে। এ নিয়ে এখন কোনো মন্তব্য করা ঠিক হবে না।
সিটি করপোরেশন সূত্র জানায়, ২০০৭-০৮ অর্থবছর থেকে ধারাবাহিকভাবে প্রায় প্রতিবছর (২০১৩-১৪ সালে একবার কমে যায়) গৃহকর আদায়ের পরিমাণ বেড়েছে। ২০০৭-০৮ সালে গৃহকর বাবদ আদায় হয় ২৫ কোটি ৬৯ লাখ ২২ হাজার ৬৩০ টাকা। ২০১৩-২০১৪ সালে আদায় হয় ৮৫ কোটি ৫৩ লাখ ২২৮ টাকা। এর আগের বছরে হয় ১৪৪ কোটি ৬১ লাখ ৩৭ হাজার ৬১০ টাকা।
কর আদায়কারীদের অদক্ষতা এবং করদাতাদের অনীহার কারণে সিটি করপোরেশনের গৃহকর আদায় কম হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের প্রবীণ অর্থনীতিবিদ মুহাম্মদ সিকান্দার খান। তিনি প্রথম আলোকে বলেন, গৃহকর খাতে কম আদায় ও লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার ব্যাপারে মেয়রকে অনুসন্ধান করতে হবে। কাজে গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।