গৃহকর ও পানির বিল বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার গৃহকরসংক্রান্ত সব তথ্য ওয়েবসাইটে প্রকাশ ও বৃদ্ধিকৃত কর পুনর্নির্ধারণ, পানি সরবরাহ নিশ্চিতকরণসহ বর্ধিত পানির বিল বাতিলের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে অযৌক্তিক পৌরকর প্রতিরোধ কমিটি। সমাবেশ থেকে ২০ ডিসেম্বর শহরে বিক্ষোভ মিছিল ও পৌর কর্তৃপক্ষকে স্মারকলিপি প্রদানের কর্মসূচিও ঘোষণা করা হয়।
বিকেল সাড়ে চারটার দিকে শহরের ফুড অফিস মোড়ে প্রতিরোধ কমিটির আহ্বায়ক সৈয়দ হোসেন আহম্মেদের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর শহরের বড় ইন্দারা মোড়ে পথসভা করে। সমাবেশ ও পথসভায় বক্তব্য দেন শাহনেওয়াজ, মিজানুর রহমান, রবিউল ইসলাম, মনিরুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, পৌর কর্তৃপক্ষ বিধিবহির্ভূতভাবে অস্বচ্ছ প্রক্রিয়ায় গৃহকর বৃদ্ধি করেছে। এসবের বিরুদ্ধে গত চার মাস থেকে প্রতিরোধ কমিটি আন্দোলন করে আসছে। এ নিয়ে পৌর কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার মতবিনিময়ও হয়েছে। কিন্তু নাগরিকদের মতামতকে উপেক্ষা করে কর বৃদ্ধির প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে পৌর কর্তৃপক্ষ এবং বর্ধিত পৌরকরসংক্রান্ত কোনো তথ্যই পৌরসভার ওয়েবসাইটেও দিচ্ছেন না। অন্যদিকে প্রয়োজনীয় পানি সরবরাহ না করেই সম্প্রতি পানির বিলও বাড়িয়েছে। নাগরিকদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।