গৃহকর পুনর্মূল্যায়ন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের ঊর্ধ্বতন একটি সূত্র জানিয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গৃহকর না বাড়ানোর ব্যাপারে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

গতকাল স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি চিঠি সব সিটি করপোরেশনে পাঠানো হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপসচিব আবুল ফজল মীরের সই করা ওই চিঠিতে বলা হয়েছে, সরকারের অনুমতি ছাড়া কেউ এ কার্যক্রম চালু করতে পারবে না। ভবিষ্যতে অনলাইনভিত্তিক অটোমেশন পদ্ধতিতে কর আদায় করা হবে। এ বিষয়ে ব্যবস্থা নিতে সব সিটি করপোরেশনের মেয়রকে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে নতুন হারে গৃহকর আদায়ের কাজ বিভিন্ন সিটি করপোরেশনে এগিয়ে যাওয়ায় এখন এ স্থগিতাদেশ নতুন করে জটিলতা তৈরি করতে পারে বলে সংশ্লিষ্ট মেয়ররা আশঙ্কা করছেন।

 স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের মতে, গৃহকর পুনর্মূল্যায়ন নিয়ে বিপুলসংখ্যক আপত্তি জমা পড়েছে। বেশির ভাগ অভিযোগই পুনর্মূল্যায়ন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে। পুনর্মূল্যায়নে প্রথাগত ম্যানুয়াল (অযান্ত্রিক) পদ্ধতি অনুসরণ করার কারণেই এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক বলেন, ‘গৃহকর পুনর্মূল্যায়নের ক্ষেত্রে অনেকে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এ কার্যক্রমে স্বচ্ছতা নেই। নাগরিক সেবা প্রদান কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছ, জনবান্ধব ও অনলাইনে সম্পাদন নিশ্চিত করতেই আমরা গৃহকর পুনর্মূল্যায়ন-সংক্রান্ত সকল কার্যক্রম স্থগিত করেছি। বর্তমানে সাতটি সিটি করপোরেশনে গৃহকর মূল্য নির্ধারণ ও আদায় কার্যক্রম অটোমেশনের মাধ্যমে সম্পন্ন করার কাজ চলমান। বাকি চারটি সিটি করপোরেশনের কার্যক্রম শুরু হয়েছে। এসব প্রক্রিয়া সম্পন্ন হলেই এ কার্যক্রম (গৃহকর পুনর্মূল্যায়নের) শুরু করা যাবে।’

মিউনিসিপ্যাল করপোরেশন (ট্যাক্সেশন) রুলস ১৯৮৬-এর বিধান অনুসারে, প্রতি পাঁচ বছর পরপর গৃহকর নতুন করে নির্ধারিত হওয়ার কথা। স্থানীয় সরকার বিভাগের তথ্যমতে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন ২৭ বছর ও সিলেট সিটি করপোরেশন ১০ বছর ধরে গৃহকর পুনর্মূল্যায়ন করেনি। বাকিগুলোরও পুনর্মূল্যায়নের সময় হয়ে গেছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানায়, স্থানীয় সরকার বিভাগ থেকে কোনো অনুমোদন না নিয়েই সিটি করপোরেশনগুলো গৃহকর পুনর্মূল্যায়ন কার্যক্রম শুরু করে।

গত ৭ আগস্ট ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গৃহকর পুনর্মূল্যায়ন শুরু করে। এর বিরুদ্ধে খিলগাঁও এলাকার ১০৪ জন বাসিন্দা রিট করলে গত ১১ ডিসেম্বর গৃহকর আদায়ে দেওয়া নোটিশের কার্যকারিতা স্থগিত করেন হাইকোর্ট।

দুই সিটি করপোরেশন সূত্রে জানা যায়, ১৯৮৯-৯০ সালে সর্বশেষ সাধারণ কর হার নির্ধারণ করা হয়েছিল। এরপর ২০০৩ ও ২০০৮ সালে দুই দফায় কর বাড়ানো হয় শুধু ওই সময়ের পরে নিবন্ধিত হোল্ডিং মালিকদের জন্য। ফলে অনেক বাড়ির মালিক এখনো ১৯৮৯-৯০ সালের ধার্য কর দিচ্ছেন। এতে এখন তিন স্তরের গৃহকর আদায় হচ্ছে, যার হারের মধ্যে বিপুল বৈষম্য।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের ২১ মার্চ চট্টগ্রাম নগরের ১১টি ওয়ার্ডে ‘ভাড়ার ভিত্তিতে’ গৃহকর আদায়ে উদ্যোগ নেয় করপোরেশন। এর আগে স্থাপনার আয়তন অনুযায়ী (প্রতি বর্গফুট) গৃহকর নির্ধারণ করা হতো। ভাড়ার ভিত্তিতে গৃহকর আদায়ের সিদ্ধান্ত বাতিল করার দাবিতে আন্দোলন করছে চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদ নামের একটি সংগঠন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্থানীয় সরকার বিভাগে পাঠানো এক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে গৃহকর বাড়ানোর যে প্রস্তাব করা হয়েছে, তা না করে সহনীয় হারে গৃহকর নির্ধারণ করা হোক। এ ছাড়া গৃহকর বাড়ানোর অজুহাতে বাড়ির মালিকেরা যাতে অযৌক্তিকভাবে সাধারণ ভাড়াটেদের কাছ থেকে ভাড়া আদায় করতে না পারে, সে বিষয়টি সিটি করপোরেশনকে সব সময় তদারকি করতে পরামর্শ দেওয়া হয়।

মেয়রেরা বিপাকে

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল প্রথম আলোকে বলেন, ‘৩০ হাজার লোক ইতিমধ্যে অতিরিক্ত টাকা জমা দিয়ে দিয়েছে। এখন এ কার্যক্রম স্থগিত করা হলে আমরা ওদের টাকা কীভাবে ফেরত দেব?’

বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব প্রথম আলোকে বলেন, ‘আমরা নতুন ভবনগুলোর কর নির্ধারণ শুরু করেছিলাম। এ ছাড়া যাঁদের সময় শেষ হয়েছে, তাদেরটাও। এখন সরকার এ কার্যক্রম স্থগিত করলে তো আর কিছু করার নেই।’

খুলনা সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘করের টাকায় তো আমরা সিটি করপোরেশনের অনেক খাতের ব্যয় নির্বাহ করি। এখন বাড়ানো না হলে সরকারকেই ওই খাতের জন্য অর্থ বরাদ্দ করতে হবে।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘প্রতি পাঁচ বছর পরপর মূল্যায়নের মাধ্যমে কর সমতায়ন করার কথা। আমরা তাই করছি। এখনো এ কার্যক্রম বন্ধ করার কোনো চিঠি পাইনি। পেলে বলতে পারব।’

মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘আমরা এখনো চিঠি পাইনি। কিছুটা সমস্যা তো হবেই। অনেকখানি কাজ আমরা করেছি। চিঠি পেলে আলাপ আলোচনা করে ঠিক করব, কী করা যায়।’

চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, অটোমেশন হলে সবার জন্যই ভালো হবে। স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না।