
সিটি করপোরেশন আরোপিত ১৭ শতাংশ গৃহকর প্রত্যাহারসহ আট দফা দাবিতে গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম নাগরিক ফোরামের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।
দাবি আদায়ের লক্ষ্যে আগামী বছরের জানুয়ারি মাস থেকে পথসভা, গণস্বাক্ষর সংগ্রহসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গতকাল বিকেলে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সংগঠনের চেয়ারম্যান মনোয়ার হোসেন বলেন, করপোরেশন অযৌক্তিকভাবে ১৭ শতাংশ গৃহকর বাড়িয়েছে। অথচ এই নগর একটু বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ে। যানজটে মানুষের প্রাণ যাচ্ছে। এসব নাগরিক সমস্যার সমাধান না করে এভাবে গৃহকর বাড়ানো অযৌক্তিক।
চট্টগ্রাম ফোরামের চেয়ারম্যান বলেন, আট দফা দাবি আদায়ে আগামী ১ জানুয়ারি থেকে পথসভা, গণস্বাক্ষর কর্মসূচি, প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান, বিভিন্ন সংগঠনের সঙ্গে মতবিনিময় করার ঘোষণা দেন তিনি।
আট দফা দাবির মধ্যে আরও রয়েছে নগরের জলাবদ্ধতা নিরসন, সরকারি প্রতিষ্ঠান দুর্নীতিমুক্ত করা, কর্ণফুলী নদীতে ক্যাপিটাল ড্রেজিং ও নদী থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা।
বক্তারা বলেন, নাগরিক সুবিধা বৃদ্ধি না করে হঠাৎ করে গৃহকর বাড়ানো হয়েছে। এতে করে সাধারণ মানুষের ঘরভাড়া বেড়ে যাচ্ছে। এ ছাড়া গ্যাস ও পানির মূল্যবৃদ্ধি সাধারণের জন্য নতুন বোঝা। গৃহকর কমানোসহ সব দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তাঁরা।
মানববন্ধনে ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান হাসিনা জাফর, ফোরামের যুগ্ম মহাসচিব নাহিদা খানম, শাহারিয়ার খালেদ, মুহাম্মদ উল্লাহ, জাতীয় পার্টির (জেপি) নগর আহ্বায়ক আজাদ দোভাষ, বৃহত্তর চট্টগ্রাম শিক্ষা উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি জিন বোধি ভিক্ষু, সালামত আলী, সিদ্দিকুল ইসলাম, চট্টগ্রাম বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে জাতীয় পার্টি (জেপি), চট্টগ্রাম বেকারি মালিক সমিতি, বৃহত্তর চট্টগ্রাম শিক্ষা উন্নয়ন সংগ্রাম কমিটি, চট্টগ্রাম দুর্নীতি প্রতিরোধ কমিটি, চট্টগ্রাম বিদ্যুৎ গ্যাস পানি গ্রাহক কল্যাণ কমিটি, চট্টগ্রাম কর্ণফুলী নদী রক্ষা কমিটিসহ বিভিন্ন সংগঠন।