গৃহকর বাড়ানো ভোট নষ্টের চেষ্টা কি না?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী ফিরোজ রশীদ
কাজী ফিরোজ রশীদ

ঢাকায় গৃহকর বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন সংসদের বিরোধী দলের সদস্য কাজী ফিরোজ রশীদ। নির্বাচন সামনে রেখে ভোট নষ্ট করার চেষ্টা হচ্ছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি। সোমবার সংসদে পয়েন্ট অব অর্ডারে কাজী ফিরোজ রশীদ এ প্রশ্ন তোলেন।

জাপা সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, ঢাকায় এক হাজার শতাংশ গৃহকর বাড়ানো হয়েছে। বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে। এ উদ্যোগ ঢাকাকে অশান্ত করে দিয়েছে। তিনি অভিযোগ করেন, গৃহকর বাড়ানো হলেও কোনো নাগরিক সেবা পাওয়া যায় না। মিরপুর রোডে আনোয়ার খান মডার্ন হাসপাতালের সামনে রাস্তা অর্ধেক হয়ে গেছে। সেখানে রাস্তায় বর্জ্যের কনটেইনার রাখা হয়েছে। বৃষ্টি হলে রাস্তায় হাঁটুপানি জমে, রাস্তায় নৌকা চলে, বাড়িতে পানি ঢোকে। মানুষের সম্মান বাঁচানো কঠিন হয়ে যায়। কোনো নাগরিক সুবিধা না দিয়ে এত ট্যাক্স পৃথিবীর কোথাও নেই।

আগামী নির্বাচনে গৃহকর বাড়ানোর নেতিবাচক প্রভাব পড়বে—আশঙ্কা প্রকাশ করে ফিরোজ রশীদ বলেন, ‘আমরা কাউকে ধরতে পারব না। কিন্তু জনগণ ঠিকই ধরবে।’
দেশে বনভূমি ২৬ হাজার বর্গকিলোমিটার  স্বতন্ত্র সাংসদ রহিম উল্লাহর প্রশ্নের জবাবে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন বলেন, দেশে বনভূমির পরিমাণ প্রায় ২৬ হাজার বর্গকিলোমিটার। দেশের মোট আয়তনের প্রায় ১৭ দশমিক ৬২ শতাংশ বনভূমি রয়েছে।

মন্ত্রী আরও বলেন, বনভূমি বাড়ানোর সুযোগ সীমিত। তবে উপকূলীয় অঞ্চলে বঙ্গোপসাগর থেকে নতুন জেগে ওঠা ভূমিতে বনায়নের মাধ্যমে বনভূমি বৃদ্ধি করা হচ্ছে। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী, ২০১৬-২০২০ মেয়াদে দেশের বৃক্ষাচ্ছাদিত ভূমির শতকরা হার ২০ ভাগে উন্নীত করার লক্ষ্যে বনায়ন ও বন সংরক্ষণ কার্যক্রম অব্যাহত আছে।
বনমন্ত্রী বলেন, সরকারি বনাঞ্চলে বনায়নের পাশাপাশি গ্রামীণ এলাকা, জেগে ওঠা চরভূমি ও সব ধরনের প্রান্তিক ভূমি বনায়নের আওতায় আনা হচ্ছে।