
‘ভাড়ার ভিত্তিতে’ হোল্ডিং ট্যাক্স (গৃহকর) নির্ধারণ না করতে সিটি করপোরেশনের প্রতি দাবি জানিয়েছে ‘চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদ’ নামের একটি সংগঠন। একই সঙ্গে পুরোনো পদ্ধতিতে স্থাপনার আয়তন অনুযায়ী (বর্গফুট-প্রতি) হোল্ডিং ট্যাক্স নির্ধারণের দাবি করেছে সংগঠনটি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্যসচিব মো. নুরুল আবছার। আগামী ৩০ দিনের মধ্যে দাবি মানা না হলে হরতালসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান নেতারা। সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা ছাড়াও সিটি করপোরেশনের সাবেক দুই কাউন্সিলর এম এ মালেক ও জান্নাতুল ফেরদাউস উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, ‘সিটি করপোরেশন ১৭ শতাংশ হোল্ডিং ট্যাক্স নির্ধারণের প্রক্রিয়া শুরু করেছে। ১৯৮৬ সালের সরকারি অধ্যাদেশবলে চট্টগ্রাম সিটি করপোরেশন কর নির্ধারণে যে প্রক্রিয়া অনুসরণ করছে তা অন্যায্য, অন্যায় ও জুলুম বলে মনে করছি আমরা হোল্ডিং ট্যাক্স প্রদানকারীরা। তাই সিটি করপোরেশনকে এ আত্মঘাতী কর্ম থেকে বিরত থাকার অভিপ্রায় জানাচ্ছি।’
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের উদ্দেশে লিখিত বক্তব্যে বলা হয়, ‘যে নিয়ম অনুসরণ করে আপনি (মেয়র) এই বর্ধিত কর নগরবাসীর ওপর চাপিয়ে দিতে চাচ্ছেন, সে নিয়মে আপনার পূর্ববর্তী কোনো মেয়রই কর আরোপের চেষ্টা করেননি। তাঁরা এটা করেননি অবশ্যই নগরবাসীর ভয়ে নয়, নগরবাসীকে ভালোবেসেই তাঁরা এ প্রক্রিয়ায় কর আরোপে বিরত থেকেছেন।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংগঠনের নেতারা বলেন, সিটি করপোরেশন এবার ভাড়ার (কোনো ভবন থেকে বাসা ভাড়া বাবাদ আয়) ভিত্তিতে গৃহকর নির্ধারণের প্রক্রিয়া শুরু করেছে। আগে বর্গফুট (স্থাপনার আয়তন) ভিত্তিতে কর নির্ধারণ করা হতো। নতুন পদ্ধতির কারণে আগে যেখানে হোল্ডিং ট্যাক্স ৪০ হাজার টাকা হতো এখন তা হবে ৪ লাখ টাকা। এভাবে ট্যাক্স আরোপিত হলে এর ব্যয়ভার ভাড়াটেদের ওপর বর্তাবে। যা কারও কাম্য নয়।
করদাতা সুরক্ষা পরিষদের দাবির বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ মুস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, আগে কীভাবে কর নির্ধারণ করা হয়েছে তা বিবেচ্য বিষয় নয়। এখন আইন অনুযায়ীই হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করা হচ্ছে। কর নির্ধারণে আইন লঙ্ঘন করলে তখন মন্ত্রণালয়ের কাছে জবাবদিহি করতে হবে। তিনি বলেন, নগরের ৪১টি ওয়ার্ডে কর পুনর্মূল্যায়নের কাজ চলমান রয়েছে। এ প্রক্রিয়া শেষ হলে তা প্রকাশ করা হবে। ধার্য করা কর নিয়ে তখন কেউ যদি সংক্ষুব্ধ হন, তাহলে তিনি রিভিউ বোর্ডে আবেদন করতে পারবেন। তখন তাঁর আবেদন বিবেচনা করা হবে।
গত বছরের ২১ মার্চ নগরের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এক অনুষ্ঠানে গৃহকর পুনর্মূল্যায়ন কার্যক্রমের উদ্বোধন করেছিলেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এদিকে গতকালের সংবাদ সম্মেলনে নগরের এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এম এ মালেক বলেন, রাজধানীতে মানুষ এখনো ১৪ শতাংশ হোল্ডিং ট্যাক্স দেয়। চট্টগ্রামে কেন ১৭ শতাংশ হবে। আরেক সাবেক ওয়ার্ড কাউন্সিলর জান্নাতুল ফেরদাউস পপি বলেন, ‘মেয়র বলেছেন, ১৭ শতাংশ যে কর নির্ধারণ করা হয়েছে, এতে ওনার হাত নেই। এটা স্থানীয় সরকার করছে। তিনি যেহেতু নিজেকে নির্বাচিত মেয়র দাবি করেন, তাঁর (মেয়র) অবশ্যই দায়িত্ব থাকে জনগণের পক্ষে সরকারের সঙ্গে দেনদরবার করার। অথচ তিনি সে দায়িত্ব পালন করছেন না।’