গৃহকর্তা আবদুল লতিফ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দড়িবাড়ি গ্রামে মা, মেয়েসহ একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় গৃহকর্তা আবদুল লতিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ঘটনায় গত শনিবার আবদুল লতিফকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন তাঁরই (লতিফ) ছেলে আলমগীর হোসেন।
পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, লতিফই তাঁর স্ত্রী, মেয়ে ও নাতিকে হত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে। এ ঘটনায় আলমগীর বাদী হয়ে বাবা লতিফকে আসামি করে শনিবার রাতে একটি হত্যা মামলা করেন। পরে লতিফকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আলমগীর বলেন, ‘পারিবারিক কলহের জের ধরে বাবা আমার মা জহুরা খাতুন, বোন সীমা আক্তার ও আমার ছেলে ফারুককে হত্যা করেছেন।’
গত বৃহস্পতিবার রাতে দড়িবাড়ি গ্রামের নিজ বাড়িতে ওই হত্যাকাণ্ড ঘটে। লতিফকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।