গৃহকর্তা ও ডাকাত দলের মধ্যে গুলিবিনিময়
বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নে গত বৃহস্পতিবার গভীর রাতে একটি বাড়িতে একদল ডাকাত হানা দিয়ে পাঁচ ভরি স্বর্ণালংকার ও মালামাল লুটে নিয়েছে। এ সময় গৃহকর্তা আত্মরক্ষার্থে তাঁর লাইসেন্স করা বন্দুক দিয়ে গুলি চালালে ডাকাতেরাও পাল্টা গুলি চালায়। ডাকাতদের পিটুনিতে গৃহবধূ জলি বেগম গুরুতর আহত হয়েছেন।জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে রামনা ইউনিয়নের গোলাঘাটা গ্রামের আবদুল বারেক জমাদ্দারের ঘরের দরজা ভেঙে ১০-১১ জনের সশস্ত্র ডাকাত দলটি ঘরে ঢুকে পড়ে। প্রথমেই তারা গৃহকর্তার ছেলে নিপনকে বেঁধে তাঁর স্ত্রী জলি বেগমকে বেদম পেটায় এবং আলমারি ভেঙে পাঁচ ভরি স্বর্ণালংকার ও মালামাল লুটে নেয়। পরে ডাকাতেরা বারেক জমাদ্দারের শোবার ঘরের দরজা কুড়াল দিয়ে ভাঙার চেষ্টা করে। এ সময় তিনি ভেতর থেকে তাঁর লাইসেন্স করা বন্দুক দিয়ে কয়েকটি গুলি করেন। ডাকাতেরাও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে প্রায় ২৪টি গুলি বিনিময় হয়। এক ঘণ্টা পর ডাকাত দলটি পালিয়ে যায়।ওই এলাকার বাসিন্দা তনু সিকদার জানান, ডাকাত দলটি চলে যাওয়ার পর রাস্তায় রক্তের ছাপ দেখা গেছে। তাঁর ধারণা, গোলাগুলিতে ডাকাত দলের কোনো সদস্য গুলিবিদ্ধ হয়ে থাকতে পারে। বারেক জমাদ্দার বলেন, ‘২০ বছরেরও বেশি সময় ধরে এই এলাকায় কোনো ডাকাতি ছিল না। আমার ধারণা, ডাকাত দলটি আমাকে হত্যার উদ্দেশ্যেই এসেছিল। বাইরে বের হলে ওরা আমাকে মেরে ফেলত। তাই দরজার নিচ থেকে গুলি ছুড়েছি।’বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’