গৃহকর্তা ও তাঁর স্ত্রী দুই দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রায় ৩০ মিনিট তালাবদ্ধ ঘর থেকে ভেসে আসে একটি শিশুর বুকফাটা আর্তনাদ। কিন্তু ঘরের দরজা বন্ধ থাকায় কেউ কিছু করতে পারেনি। একপর্যায়ে কান্নার শব্দ থেমে যায়। মনে হয় মেয়েটি নিস্তেজ হয়ে পড়ে।’ রাজধানীর সবুজবাগে আট বছরের শিশু গৃহকর্মী সুলতানা আক্তারের ওপর নির্যাতনের এভাবেই বিবরণ দেন এক প্রতিবেশী। গৃহকর্মী খুনের মামলায় বাড়ির মালিক সোহেল হাওলাদার ও তাঁর স্ত্রী ফাহমিদা ইসলামকে দুই দিনের রিমান্ডে আনা হয়েছে।সবুজবাগ থানার অপারেশন্স অফিসার মনিরুজ্জামান প্রথম আলোকে জানান, গতকাল দুপুরে সোহেল ও ফাহমিদাকে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হলেও আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।গত শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডির সেন্ট্রাল হাসপাতাল থেকে সবুজবাগ থানা পুলিশ এ গৃহকর্মীর লাশ উদ্ধার করে। তার শরীরের আঘাতের চিহ্ন দেখার পর পুলিশ গৃহকর্তা সোহেল হাওলাদার ও তাঁর স্ত্রী ফাহমিদা ইসলামকে আটক করে। পরে সন্ধ্যায় শিশুটির মা নাসিমা বেগম এ ঘটনায় হত্যা মামলা করেন।পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে তারা জানতে পারে, গৃহকর্ত্রী ফাহমিদার স্বামী সোহেল হাওলাদার সিঙ্গাপুর প্রবাসী। গত সোমবার তিনি দেশে আসেন। বাসায় ফিরে তিনি গৃহকর্মীকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন, তাঁর বাসায় এক যুবক আসা-যাওয়া করে। এ কথা ফাঁস করার জন্য ফাহমিদা শিশুটিকে মারধর করে। তাকে তালা দিয়ে বাসার বাইরে চলে যায়। গৃহকর্মীর মামা দুলাল মিয়া জানান, প্রতিবেশীরা তাঁকে বলেছেন, ফাহমিদা বাসা তালাবদ্ধ করে চলে যাওয়ার পর ভেতর থেকে শিশুটির কান্নার আওয়াজ শোনা যায়। প্রায় আধা ঘণ্টা কান্নার পর সে নীরব হয়ে যায়। এর প্রায় দুই ঘণ্টা পর ফাহমিদা ও সোহেল ফিরে এসে শিশুটিকে মুমূর্ষু অবস্থায় দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যায়। শিশুটির মা নাসিমা প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবারও তাঁকে ফোন করে বলা হয়, তাঁর মেয়েকে কে বা কারা কিছু খাইয়ে দিয়েছে। পরে আবার বলা হয়, মেয়েকে জিনে ধরেছে। এ খবর শুনে তিনি পরদিন ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। শিশুটির মামা দুলাল মিয়া জানান, গৃহকর্তা সোহেলের ভগ্নিপতি তাঁকে টাকার বিনিময়ে বিষয়টি নিষ্পত্তির জন্য চাপ দেন। কোনো ধরনের মামলা না করার জন্যও হুমকি দেওয়া হয়।