গৃহকর্তা রাজউক প্রকৌশলীকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক গৃহকর্মীকে কয়েক মাস ধরে গুম করে রাখা হয়েছে বলে খবরে আসা অভিযোগের বিষয়ে ব্যাখ্যা জানাতে গৃহকর্তা ও রাজউকের প্রকৌশলী আসাদুজ্জামানকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৪ এপ্রিল তাঁকে সশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেন। ৫ মার্চ একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন বিবেচনায় নিয়ে এ আদেশ দেওয়া হয়।

‘রাজউক প্রকৌশলী আসাদুজ্জামানের কারিশমা!, কিশোরী গৃহকর্মীকে ৩ মাস গুম করে রাখার অভিযোগ’ শিরোনামে ৫ মার্চ প্রকাশিত প্রতিবেদনটি গতকাল সোমবার আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহানারা বেগম।

শাহানারা বেগম প্রথম আলোকে বলেন, ওই অভিযোগে আসাদুজ্জামানের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে কিশোরীর বাবার করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে আইন অনুযায়ী পদক্ষেপ নিতে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, কিশোরী গৃহপরিচারিকাকে রাজধানীর পান্থপথের একটি বাসা থেকে গৃহকর্তা কর্তৃক তিন মাস ধরে রহস্যজনক কারণে গুম করে রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গৃহকর্তা বহুল আলোচিত রাজউক প্রকৌশলী আসাদুজ্জামান তাঁর বাসার কাজের মেয়ের সন্ধান চাইলে নানা রকম টালবাহানা শুরু করেছেন বলে অভিযোগে প্রকাশ। এমনকি ওই গৃহকর্তা থানা-পুলিশে এসব বিষয়ে অভিযোগ ‘না’ দিতেও কড়া ভাষায় নিষেধ করেছেন নিখোঁজ কিশোরীর পরিবারকে। খোঁজ নিয়ে আরও জানা যায়, আসাদুজ্জামানের কর্মস্থলে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের কারণে তাঁকে বর্তমানে সাময়িক বরখাস্ত করে রেখেছে রাজউক কর্তৃপক্ষ।