গৃহকর্তার এসিডে গৃহশিক্ষিকা ও শিশুপুত্র দগ্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহকর্তা গৃহশিক্ষিকা ও তাঁর ছয় বছরের শিশুপুত্রের ওপর এসিড নিক্ষেপ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তাঁদের মুখ ও শরীর ঝলসে গেছে। গতকাল রোববার দুপুরে ফতুল্লার ইদ্রাকপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসিডদগ্ধ গৃহশিক্ষিকা শিলা আক্তার অভিযোগ করেন, সদর উপজেলার ফতুল্লার ইদ্রাকপুর এলাকায় রহিমের বাড়িতে ভাড়া থাকেন তাঁরা। পাশের বাড়ির পলিথিন ব্যবসায়ী বারেকের ছেলে মেহেদী হাসানকে তিনি পড়ান। এই সূত্রে কিছুদিন ধরে বারেক তাঁকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছেন। গতকাল দুপুরে তিনি মেহেদী হাসানকে পড়াতে গেলে বারেক প্রথমে তাঁকে অনৈতিক প্রস্তাব দেন। রাজি না হওয়ায় তাঁকে এবং তাঁর ছেলেকে এসিড ছুড়ে মারলে শরীর ঝলসে যায়।নারায়ণগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শামীম হায়দার চৌধুরী জানান, এসিডে ঝলসে যাওয়া মা ও ছেলের অবস্থা আরও খারাপ হতে পারে। এ জন্য তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।