গৃহকর্তার দা থেকে বাঁচতে লাফিয়ে পড়ে দুই গৃহকর্মী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহকর্তা দা নিয়ে তাড়া করেছিলেন দুই গৃহকর্মীকে। তাড়া খেয়ে তারা আশ্রয় নিয়েছিল ছাদে। সেখানে উঠে দা নিয়ে তাদের কোপ দিতে উদ্যত হয়েছিলেন গৃহকর্তা আহমেদ নবী। তাঁর হাত থেকে বাঁচতে ছাদ থেকে নিচে লাফ দেয় দুই গৃহকর্মী।
হাসপাতালের শয্যায় শুয়ে বেঁচে থাকা গৃহকর্মী সানজিদা আক্তার (১৩) এমন অভিযোগ করেছে। গত সোমবার সকালে উত্তর খুলশী ৬ নম্বর সড়কে কিংস প্যালেস নামে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে যায় গৃহকর্মী দুই বোন। এতে সানজিদার মামাতো বোন দিলদার বেগম (১৬) মারা যায়। সানজিদা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন।
সানজিদার চোয়ালে বড় ধরনের আঘাত লেগেছে। এ ছাড়া হাত, পা ও মাথায় ছোটখাটো আঘাত রয়েছে। সানজিদা একটু একটু কথা বলতে পারছে। লাফ দিয়ে গাছের ডালপালা ভেঙে সানজিদা গিয়ে পড়ে একটি টিনের চালের ওপর।
গতকাল মঙ্গলবার দুপুরে হাসপাতালের শয্যায় শুয়ে সানজিদা প্রথম আলোকে সেদিনের ঘটনার বর্ণনা দেয়। সে জানায়, ‘মালিক আমাদের দুজনকে ঘরে মারধর করে। পরে দা নিয়ে তাড়া করে। ভয়ে আমরা ছাদে গিয়ে উঠি। আমাদের পেছন পেছন সেখানে উঠে কোপ দিতে উদ্যত হন। তখন আমরা প্রাণ বাঁচাতে লাফ দিই।’
মালিক কে, জানতে চাইলে সানজিদা জানায়, ঘরের মালিক, নাম জানি না। সানজিদা যখন প্রথম আলোর সঙ্গে কথা বলছিল তার শয্যাপাশে ছিল তার খালা ফাতেমা বেগম।
সানজিদা আরও জানায়, ‘কাজে যোগ দেওয়ার পর থেকে কারণে-অকারণে মালিক, মমতাজ (গৃহকর্ত্রী) ও তাঁদের মেয়ে আমাদের মারধর করতেন। কখনো লাঠি দিয়ে, কখনো বেত দিয়ে তাঁরা মারধর করতেন।’
সানজিদা ও দিলদারের বাড়ি কক্সবাজারের টেকনাফের লেদা এলাকায়। দুজনই সম্পর্কে মামাতো-ফুফাত বোন। বাড়ি থেকে আসার সময় দিলদার একটি মোবাইল ফোন নিয়ে এসেছিল। ওটা দিয়ে বাড়িতে কথা বলত। কিন্তু পাঁচ দিন আগে ওই ফোনটিও কেড়ে নিয়ে রেখে দিয়েছিল বলে জানায় সানজিদা। সানজিদার ভাই মো. ইউনুছ জানান, পাঁচ দিন আগে তাঁদের সঙ্গে কথা হয়েছিল। এরপর আর হয়নি। তখন তাদের এখান থেকে মুক্ত করতে বলেছিল। ঘটনার খবর পেয়ে বাড়ি থেকে সানজিদার স্বজনেরা এসেছে। ফাতেমা জানান, সানজিদা নির্যাতন এবং দা নিয়ে তাড়া করার কথাগুলো পুলিশকেও জানিয়েছে।
দিলদারের বাবা দীন মোহাম্মদ গতকাল চট্টগ্রামে আসার কথা ছিল। তিনি এলে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। ঘটনার পর থেকে আহমেদ নবীর বাসা তালাবদ্ধ রয়েছে। এই ঘটনায় পুলিশ নগরের খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। কিন্তু কাউকে গ্রেপ্তারের কোনো উদ্যোগ নেয়নি।
জানতে চাইলে সিএমপির অতিরিক্ত উপকমিশনার মো. শহীদুল্লাহ বলেন, মেয়েটি কী স্বীকারোক্তি দিচ্ছে সেটি গুরুত্বপূর্ণ। তারা যে ছাদ থেকে লাফ দিয়েছে সেটা আলামত দেখে বোঝা যায়। কিন্তু কেন লাফ দিল সেটা বড় প্রশ্ন। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।