উচ্চপদস্থ সরকারি এক কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন তাঁর বাসার গৃহকর্মী। সচিব পর্যায়ের ওই কর্মকর্তার গুলশানের সরকারি বাসা থেকে গত বুধবার পুলিশের সহায়তায় পাঁচ নারী গৃহকর্মীকে উদ্ধার করে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) কর্মকর্তারা। গৃহকর্মীদের মধ্যে দুজন গৃহকর্তা মোহাম্মদ মূসার বিরুদ্ধে ধর্ষণের এবং একজন ধর্ষণ চেষ্টার অভিযোগ এনেছেন।গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার রাতে সরকারি কর্মকর্তা মোহাম্মদ মূসার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা (মামলা নম্বর ৭৭) করেছেন এক তরুণী। ওই তরুণী মূসার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন। মামলায় অভিযোগ করা হয়েছে, গৃহকর্তা মূসা বাদীসহ আরও একজন গৃহকর্মীকে ধর্ষণ করেছেন এবং একজনকে ধর্ষণের চেষ্টা করেছেন। এ ছাড়া মামলায় ফাতেমা নামের অপর একজনকে আসামি করা হয়েছে। ওই ফাতেমা মিথ্যা প্রলোভন দিয়ে এই নারীদের ওই বাসায় কাজে নিযুক্ত করেছিলেন।গতকাল বুধবার বিশেষ দায়িত্বপ্রাপ্ত (ওএসডি) সচিব মোহাম্মদ মূসার গুলশান-২-এর ৮৪ নম্বর সড়কের ১০ নম্বর (সরকারি) বাসা থেকে ওই নারীদের উদ্ধার করা হয়। আসকের কর্মকর্তা অ্যাডভোকেট দিল আফরোজ ইসলাম ও শিল্পী সাহা পুলিশ সঙ্গে নিয়ে তাঁদের উদ্ধার করেন।উদ্ধারকৃত পাঁচ নারীর মধ্যে চারজনের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। তাঁরা পক্ষাঘাতগ্রস্ত গৃহকর্ত্রীর দেখাশোনার জন্য ওই বাসায় কাজ নেন। বাকি একজনের বয়স ৪০ বছর। তিনি রাঁধুনি হিসেবে ছিলেন। চলতি মাসেই এই পাঁচজন ওই বাসায় কাজ নেন। যশোর, ঝিনাইদহ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ থেকে ওই নারীদের এ বাসায় এনে দিয়েছিলেন ফাতেমা।দিল আফরোজ ইসলাম জানান, ২২ জুন ওই বাড়ি থেকে এক তরুণী আসকের কার্যালয়ে ফোন করে জানান, তাঁদের আটকে নির্যাতন করা হচ্ছে। এরপর ২৩ জুন আসকের কর্মকর্তারা গুলশান থানায় এ বিষয়ে একটি জিডি করেন। ওই জিডি অনুযায়ী গুলশান থানার উপপরিদর্শক আশরাফ আলীসহ একটি দল ওই বাসায় গিয়ে পাঁচ নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।