কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় নিহত গৃহকর্তা সুলতান আলীর বড় ভাই মমতাজকে গতকাল বৃহস্পতিবার ভোরে আটক করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু পুলিশ জানিয়েছে, তদন্তে এখন পর্যন্ত তেমন কোনো অগ্রগতি হয়নি।
এদিকে নিহত চারজনের লাশ গতকাল সকালে নিজ বাড়িতে দাফন করা হয়। কুড়িগ্রামের জেলা প্রশাসক এ বি এম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ জে এম এরশাদ আহসান ও ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমানসহ নিহত ব্যক্তিদের আত্মীয়স্বজন ও এলাকাবাসী জানাজায় অংশ নেন। ওসি মাহফুজুর রহমান জানান, নিহত সুলতানের বড় ভাই মমতাজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো মামলার তদন্তের তেমন কোনো অগ্রগতি হয়নি। ওসি আরও জানান, সুলতানের বাড়ির পাশে একটি জায়গায় খুনিরা কিছুক্ষণ অপেক্ষা করেছে বলে আলামত মিলেছে। সেখানে পানির বোতল ও সিগারেটের প্যাকেট পাওয়া গেছে।
কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন জানান, ঘটনার একমাত্র সাক্ষী সুলতানের মেয়ে মৌসুমীর অবস্থা এখনো সংকটাপন্ন। কাজেই তার কাছ থেকে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। হাসপাতালে তার নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত মঙ্গলবার রাতে ভুরুঙ্গামারীর সীমান্তবর্তী দিয়াডাঙ্গা গ্রামে সুলতান আলী (৬০), তাঁর স্ত্রী হাজেরা (৪৫), নাতনি আনিকা (৭) ও রুমানা পারভীনকে (১৫) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সুলতানের মেয়ে মৌসুমী আক্তার (১৫) গুরুতর আহত হয়।