গৃহকর্ত্রীকে হত্যা করে টাকা ও স্বর্ণালংকার লুট
নওগাঁ শহরে গৃহকর্ত্রীকে হত্যা করে ৭০ হাজার টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করেছে দুর্বৃত্তরা।গত মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের নাপিতপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত গৃহকর্ত্রী সুমি দাস (২৬) জেলা শহরের বিন্দু জুয়েলার্সের স্বত্বাধিকারী সুকুমার সরকারের স্ত্রী।সুকুমার জানান, ছয়-সাত বছর ধরে নাপিতপাড়া মহল্লায় স্ত্রী ও শ্যালককে নিয়ে তিনি ভাড়া বাসায় বাস করে আসছেন। তাঁদের তিন বছরের একটি ছেলে রয়েছে। মঙ্গলবার সকালে নাশতা করে তিনি দোকানে চলে যান। বেলা আড়াইটার দিকে শ্যালক কৃষ্ণ সরকার দুপুরে তাঁর জন্য দোকানে খাবার নিয়ে আসেন। সন্ধ্যার দিকে প্রতিবেশীরা তাঁকে মুঠোফোনে তাঁর স্ত্রীর মৃত্যুর খবর জানান। খবর পেয়ে বাড়িতে এসে দেখেন স্ত্রী বারান্দায় মৃত পড়ে রয়েছেন এবং ঘরের আলমারিতে রাখা ৭০ হাজার টাকা ও প্রায় চার ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করা হয়েছে।প্রতিবেশীরা জানান, ঘটনার খবর পেয়ে তাঁরা ওই বাড়িতে গিয়ে দেখেন বারান্দায় সুমির লাশ পড়ে রয়েছে। এ ছাড়া বাড়িঘরের দরজা খোলা ও আসবাবপত্র এলোমেলো অবস্থায় ছিল। সুমির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।খবর পেয়ে নওগাঁ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহফুজ আফজাল, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।