গৃহকর্মী আদুরী নির্যাতনের মামলার রায় ১৮ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় চার বছর আগের গৃহকর্মী আদুরী নির্যাতনের মামলার রায় ঘোষণার জন্য ১৮ জুলাই তারিখ ঠিক করেছেন আদালত। আজ রোববার মামলার যুক্তিতর্কের শুনানি শেষে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৩–এর বিচারক জয়শ্রী সমাদ্দার এই তারিখ ঠিক করেন।

বাদীপক্ষে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির আইনজীবী ফাহমিদা আক্তার প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপক্ষে এ মামলায় ১৪ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। অভিযুক্ত দুজন আসামি নওরীন জাহান নদী ও তার মা ইশরাত জাহান। নওরীন কারাগারে আছেন। জামিনে আছেন ইশরাত।

মামলার সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, ২০১৩ সালে ২৩ সেপ্টেম্বর ১১ বছরের শিশু গৃহকর্মী আদুরীকে পল্লবীর ডিওএইচএস এলাকার একটি ডাস্টবিনে আধমরা অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় তার মামা নজরুল ইসলাম ২৬ সেপ্টেম্বর বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ২৯ অক্টোবর এই দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরের বছর ২০১৪ সালের ৬ জুন আদালত দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।